×
ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

এক নজরে দেখে নিন ২০২৭ সালের স্কুলের ছুটির তালিকা

২০২৬ নভেম্বর ১০ ১১:১৬:২১
এক নজরে দেখে নিন ২০২৭ সালের স্কুলের ছুটির তালিকা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে মোট ৭০ দিন ছুটির প্রস্তাব করা হয়েছে। এ লক্ষ্যে ছুটির একটি খসড়া তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত তালিকায় সবচেয়ে বেশি ছুটি রাখা হয়েছে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে। এ সময় সাপ্তাহিক ছুটিসহ টানা ৩৪ দিন বন্ধ থাকতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান।

খসড়া তালিকা অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত রমজান, ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে বিদ্যালয় বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে। সাপ্তাহিক ছুটি বাদে এ সময়ে মোট ২৪ দিন ছুটি থাকবে। এ দীর্ঘ ছুটির মধ্যে রয়েছে শ্রীশ্রী সরস্বতী পূজা, মাঘী পূর্ণিমা, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জামাতুল বিদা, শ্রীশ্রী শিবরাত্রি, শবে কদর ও ঈদুল ফিতর।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৬ মে থেকে ২৭ মে পর্যন্ত বিদ্যালয় বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে এ সময়ে মোট ১০ দিন ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ ছুটির মধ্যে ১৯ মে বুদ্ধ পূর্ণিমাও অন্তর্ভুক্ত রয়েছে।

শীতকালীন অবকাশে ১৫ দিনের ছুটি

বছরের শেষ দিকে শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও বড়দিন উপলক্ষে ১৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে এ সময়ে মোট ১১ দিন ছুটি গণনা করা হয়েছে।

অন্যান্য ধর্মীয় ও জাতীয় দিবসের ছুটি

খসড়া তালিকায় অন্যান্য ধর্মীয় ও জাতীয় দিবসেও ছুটি রাখা হয়েছে। ৬ জানুয়ারি শবেমেরাজ এবং ২৪ জানুয়ারি শবেবরাত উপলক্ষে এক দিন করে ছুটির প্রস্তাব রয়েছে। মার্চে ২২ তারিখ শুভ দোলযাত্রা ও ২৮ মার্চ ইস্টার সানডে উপলক্ষে ছুটি থাকবে।

এপ্রিলে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, বৈসাবি উৎসব, চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে ছুটি নির্ধারণ করা হয়েছে। জুনে পবিত্র আশুরা, জুলাইয়ে আষাঢ়ী পূর্ণিমা ও আষাঢ়ী চাঁর সেবা এবং আগস্টে জুলাই গণঅভ্যুত্থান দিবস, ঈদে মিলাদুন্নবী (সা.) ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক দিন করে ছুটি রাখা হয়েছে।

এ ছাড়া সেপ্টেম্বরে ফাতেহা-ই-ইয়াজদাহম, মধু পূর্ণিমা ও শুভ মহালয়া উপলক্ষে ছুটি থাকবে। অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে তিন দিন ছুটির প্রস্তাব করা হয়েছে। একই মাসে লক্ষ্মীপূজা ও শ্যামাপূজা উপলক্ষেও এক দিন করে ছুটি থাকবে। নভেম্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক দিন ছুটির প্রস্তাব রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের হাতে থাকবে দুই দিনের ছুটি

খসড়া তালিকায় আরও বলা হয়েছে, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত থাকবে দুই দিনের ছুটি। অন্যদিকে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ১ মে মহান মে দিবস শুক্রবার ও শনিবার হওয়ায় এ দুটি দিবসের জন্য আলাদা করে ছুটি গণনা করা হয়নি।

সব মিলিয়ে ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ৭০ দিন ছুটির প্রস্তাব করা হয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় উৎসবের তারিখ পরিবর্তিত হতে পারে। পাশাপাশি তালিকাটি এখনো খসড়া পর্যায়ে থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের আগে ছুটির তারিখ ও সংখ্যায় পরিবর্তন আসতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে