×
ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

শেয়ারবাজারের মুনাফায় ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি চায় ডিবিএ

২০২৬ অক্টোবর ৩১ ১৬:৩১:৪৬
শেয়ারবাজারের মুনাফায় ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি চায় ডিবিএ

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, বাজারে তারল্য বাড়ানো এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ উৎসাহিত করতে তালিকাভুক্ত সিকিউরিটিজ থেকে অর্জিত মূলধনি মুনাফার ওপর ২০৩০ সাল পর্যন্ত পূর্ণ কর অব্যাহতির প্রস্তাব দিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংগঠনটি ব্যক্তি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য এ সুবিধা চেয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ডিবিএর পক্ষ থেকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও শেয়ারবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিবের কাছে এ-সংক্রান্ত প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে।

বর্তমান করব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব

বর্তমানে ব্যক্তি বিনিয়োগকারীদের তালিকাভুক্ত সিকিউরিটিজ থেকে অর্জিত মূলধনি মুনাফার ৫০ লাখ টাকা পর্যন্ত কর অব্যাহতি রয়েছে। এর বেশি মুনাফার ক্ষেত্রে সাধারণভাবে ১৫ শতাংশ কর প্রযোজ্য।

ডিবিএ এই কর অব্যাহতি পুরোপুরি পুনর্বহালের পাশাপাশি বিদেশি ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে বিদ্যমান করব্যবস্থা পুনর্বিবেচনার প্রস্তাব দিয়েছে। সংগঠনটির মতে, মূলধনি মুনাফায় কর অব্যাহতি দেওয়া হলে শেয়ারবাজারে লেনদেন বাড়বে, বিনিয়োগকারীরা মুনাফা পুনরায় বিনিয়োগে উৎসাহিত হবেন এবং দেশীয় সঞ্চয়ের উৎপাদনশীল ব্যবহার বাড়বে। একই সঙ্গে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ইকুইটি অর্থায়নের সুযোগও সম্প্রসারিত হতে পারে।

আয়কর আইন সংশোধনের প্রস্তাব

ডিবিএর প্রস্তাবে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সম্পন্ন এবং নির্ধারিত কেন্দ্রীয় ডিপোজিটরি ব্যবস্থায় নিষ্পত্তি হওয়া যোগ্য লেনদেন থেকে অর্জিত মূলধনি মুনাফা করমুক্ত করা যেতে পারে।

তবে স্পনসর, পরিচালক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে বিদ্যমান করব্যবস্থা বহাল রাখার পক্ষে মত দিয়েছে সংগঠনটি।

২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি চাওয়ার কারণ

ডিবিএর মতে, সেন্ট্রাল কাউন্টারপার্টি অব বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে মূলধনি মুনাফা নিরূপণ ও কর হিসাবের প্রক্রিয়া আরও সহজ হবে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সিসিবিএলের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হওয়া পর্যন্ত, অর্থাৎ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফার ওপর কর অব্যাহতি চেয়েছে সংগঠনটি।

বিনিয়োগবান্ধব করব্যবস্থার ওপর গুরুত্ব ডিবিএ সভাপতির

ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, ব্যক্তি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগবান্ধব করব্যবস্থা নিশ্চিত করা গেলে শেয়ারবাজারে আস্থা বাড়বে। পাশাপাশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর অর্থায়নের সুযোগও সম্প্রসারিত হবে।

তিনি আরও বলেন, এ উদ্যোগ শেয়ারবাজারের উন্নয়নে সরকারের পরিকল্পনা বাস্তবায়নেও সহায়ক হতে পারে।

ডিবিএ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় নীতিগত ও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে শেয়ারবাজারের উন্নয়নে সরকার, নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে