×
ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

উত্তাল আশুলিয়া, ২০ পোশাক কারখানায় ছুটি

২০২৬ অক্টোবর ৩১ ১৬:২৬:১২
উত্তাল আশুলিয়া, ২০ পোশাক কারখানায় ছুটি

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভারের আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং ছাঁটাই বন্ধের দাবিতে পোশাকশ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শিল্প পুলিশের অন্তত পাঁচ সদস্যসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আশুলিয়ার অন্তত ২০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুরে আশুলিয়ার নিশ্চিন্তপুর, কাঠগড়া, জিরাবো ও নরসিংহপুর এলাকায় থেমে থেমে উত্তেজনাকর পরিস্থিতি দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ অ্যাপারেলস ও নিউ এইজ গার্মেন্টসের শ্রমিকেরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং ছাঁটাই বন্ধের দাবিতে কর্মবিরতি শুরু করেন।

পরে আল-মুসলিম, কন্টিনেন্টাল, কাঠগড়া এলাকার এআর জিন্স ও নাঈম সোয়েটার, নরসিংহপুরের এফএনএফ গার্মেন্টস এবং জিরাবো এলাকার টাউজার লাইন পোশাক কারখানার শ্রমিকেরাও বিক্ষোভে অংশ নেন।

দুপুরে নিশ্চিন্তপুর এলাকায় পোশাকশ্রমিকেরা জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। জবাবে উত্তেজিত শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে শিল্প পুলিশের অন্তত পাঁচ সদস্য আহত হন। অন্যদিকে, বেশ কয়েকজন পোশাকশ্রমিকও আহত হয়েছেন বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে নিউ এইজ অ্যাপারেলসের এক শ্রমিক বলেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বেড়েছে। কিন্তু সে অনুযায়ী তাঁদের বেতন বাড়েনি। বেতন না বাড়লে পরিবার নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়বে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সরকার মজুরি বোর্ড গঠন করে অক্টোবরের মধ্যে নতুন বেতনকাঠামো ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ৩০ অক্টোবর পর্যন্ত মজুরি বোর্ড গঠন করা হয়নি। এ কারণে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়লে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। এ সময় উত্তেজিত শ্রমিকদের হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুপুরে ২০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ জানান, সকাল থেকে জিরাবো, নিশ্চিন্তপুর ও কাঠগড়া এলাকায় পোশাকশ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। তবে দুপুরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

শ্রমিকদের মজুরি বৃদ্ধি, ছাঁটাই বন্ধ ও কালো তালিকাভুক্তি বন্ধের দাবিকে কেন্দ্র করে আশুলিয়ার পোশাকশিল্প এলাকায় এ অস্থিরতা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে