×
ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

চাকরি হারালেন আলোচিত ডিবি হারুন

২০২৬ অক্টোবর ৩১ ১৬:০৯:০৪
চাকরি হারালেন আলোচিত ডিবি হারুন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকাকে সরকারি চাকরিবিধি অনুযায়ী ‘পলায়ন’ হিসেবে গণ্য করে তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জারি করা আদেশে বলা হয়েছে, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে তাঁর বরখাস্ত কার্যকর বলে গণ্য হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ হারুন অর রশীদ ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালনকালে তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকেন।

তাঁর বর্তমান ও স্থায়ী ঠিকানার পাশাপাশি ই-মেইল ঠিকানায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি। এ পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ অধিদপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়।

পুলিশ অধিদপ্তরের চিঠির পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের ১৫ এপ্রিল হারুন অর রশীদের বিরুদ্ধে ০০৫/২০২৫ নম্বর বিভাগীয় মামলা করা হয়।

অভিযোগের বিষয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তিনি কোনো লিখিত জবাব দেননি। এমনকি জবাব দেওয়ার জন্য সময় বাড়ানোর আবেদনও করেননি।

পরবর্তী সময়ে অভিযোগের গুরুত্ব বিবেচনায় গত ২২ জুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত শেষে ৬ আগস্ট জমা দেওয়া প্রতিবেদনে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে ‘পলায়ন’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে মতামত দেওয়া হয়।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর গত ২০ আগস্ট তাঁকে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে এবারও তিনি কোনো লিখিত জবাব দেননি।

এরপর চাকরি থেকে বরখাস্তের মতো গুরুদণ্ড আরোপের বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ চাওয়া হয়। গত ১ অক্টোবর কমিশন তাঁকে চাকরি থেকে বরখাস্তের পক্ষে মতামত দেয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভাগীয় মামলার নথিপত্র, তদন্ত প্রতিবেদন এবং সরকারি কর্ম কমিশনের পরামর্শ পর্যালোচনা করে হারুন অর রশীদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৫ অক্টোবর রাষ্ট্রপতি এ সিদ্ধান্ত অনুমোদন করেন। পরে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনটি জারি করেন।

আদেশে আরও বলা হয়েছে, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর বলে গণ্য হবে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।এর মধ্য দিয়ে ডিএমপির সাবেক এই আলোচিত কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিনের বিভাগীয় প্রক্রিয়ার পর চাকরিচ্যুতির চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হলো।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে