×
ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

পতনের বাজারেও জেড ক্যাটাগরির দাপট, দরবৃদ্ধির শীর্ষ ১০-এ ৮ কোম্পানি

২০২৬ অক্টোবর ৩১ ১৪:১৫:৩৪
পতনের বাজারেও জেড ক্যাটাগরির দাপট, দরবৃদ্ধির শীর্ষ ১০-এ ৮ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে ধারাবাহিক দরপতনে চাপে রয়েছেন বিনিয়োগকারীরা। দর হারাচ্ছে মৌলভিত্তির অনেক কোম্পানির শেয়ার। ইতোমধ্যে বেশ কিছু কোম্পানির শেয়ারদর তলানিতে নেমে এসেছে। এতে বিনিয়োগকারীদের লোকসানের বোঝা ক্রমেই ভারী হচ্ছে। তবে বাজারের এমন নাজুক পরিস্থিতিতেও ব্যতিক্রমী চিত্র দেখা গেছে দুর্বল মৌলভিত্তির ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলোর শেয়ারে। সামগ্রিক বাজারে দরপতন চললেও এসব কোম্পানির শেয়ারদরে দেখা গেছে উল্লেখযোগ্য উত্থান।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ও লেনদেন—উভয়ই কমেছে। একই সময়ে বাজার মূলধন কমেছে প্রায় ৭ হাজার ১১১ কোটি টাকা। এমন প্রতিকূল বাজার পরিস্থিতির মধ্যেও সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় জায়গা করে নিয়েছে আটটি জেড ক্যাটাগরির কোম্পানি।

কোম্পানিগুলো হলো—লিব্রা ইনফিউশনস, প্রিমিয়ার লিজিং ফাইন্যান্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, হামিদ ফেব্রিক্স, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, প্রাইম ফাইন্যান্স, খুলনা পাওয়ার কোম্পানি (কেপিসিএল) এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।

দরবৃদ্ধিতে দ্বিতীয় স্থানে লিব্রা ইনফিউশনস

বিদায়ী সপ্তাহে আলোচনায় থাকা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে লিব্রা ইনফিউশনস লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯৭ টাকা ৩০ পয়সা বা ১৯.৩৭ শতাংশ। এতে শেয়ারটির দাম বেড়ে দাঁড়িয়েছে ৫৯৯ টাকা ৬০ পয়সায়, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। এই দরবৃদ্ধির ফলে ডিএসইর সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে কোম্পানিটি।

১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির পরিশোধিত মূলধন মাত্র ২ কোটি ২৫ লাখ ৩০ হাজার টাকা। বিপরীতে কোম্পানিটির বর্তমান রিজার্ভের পরিমাণ ১৮৭ কোটি ১৩ লাখ টাকা। সর্বশেষ ২০২১ সালে কোম্পানিটি ৩০ শতাংশ নগদ ও ৫০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল। এরপর থেকে আর কোনো লভ্যাংশ দেয়নি প্রতিষ্ঠানটি। বর্তমানে কোম্পানিটির মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) ১১২.৪৩ পয়েন্ট।

কোম্পানিটির শেয়ারদর উল্লেখযোগ্য হারে বাড়লেও এর পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

প্রিমিয়ার লিজিংয়ের দর বেড়েছে ১৭.৬৫ শতাংশ

সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ৩০ পয়সা বা ১৭.৬৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ টাকায়। গত এক মাসের মধ্যে এটিই কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দাম।

২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৩২ কোটি ৯৭ লাখ টাকা। তবে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৭ কোটি ৬ লাখ টাকা। সর্বশেষ ২০১৫ সালে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এরপর থেকে আর কোনো লভ্যাংশ ঘোষণা করেনি প্রতিষ্ঠানটি।

মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারদরেও উত্থান

সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকায় চতুর্থ স্থানে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪ টাকা ৩০ পয়সা বা ১৬.৪৮ শতাংশ। এতে শেয়ারটির দাম দাঁড়িয়েছে ৩০ টাকা ৪০ পয়সায়, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ।

২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৪ কোটি ৬৫ লাখ টাকা। সর্বশেষ ২০২০ সালে কোম্পানিটি ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এরপর থেকে আর কোনো লভ্যাংশ ঘোষণা করেনি প্রতিষ্ঠানটি।

অন্য পাঁচ কোম্পানির দরও বেড়েছে

সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকায় থাকা জেড ক্যাটাগরির অন্য কোম্পানিগুলোর মধ্যে হামিদ ফেব্রিক্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৩.২৭ শতাংশ। পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ১২.৫০ শতাংশ, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ১২ শতাংশ, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ১১.১১ শতাংশ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির শেয়ারদর বেড়েছে ১০.৯৮ শতাংশ।

সামগ্রিক বাজারে সূচক, লেনদেন ও বাজার মূলধন কমার মধ্যেও দুর্বল মৌলভিত্তির কোম্পানিগুলোর শেয়ারদরে এমন উত্থান বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে লিব্রা ইনফিউশনসের উচ্চ মূল্য-আয় অনুপাত এবং দীর্ঘদিন লভ্যাংশ না দেওয়ার তথ্যের পরিপ্রেক্ষিতে শেয়ারটির দরবৃদ্ধির কারণ অনুসন্ধানের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে