×
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মিউচুয়াল ফান্ডের বিধিমালা পর্যালোচনায় বিএসইসির উদ্যোগ

২০২৬ অক্টোবর ২৯ ১১:২২:৫৭
মিউচুয়াল ফান্ডের বিধিমালা পর্যালোচনায় বিএসইসির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’ পর্যালোচনা নিয়ে শেয়ারবাজারের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২৮ অক্টোবর কমিশনের আগারগাঁওস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিএসইসির মুখপাত্র মোঃ আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি এবং নিয়ন্ত্রক কাঠামোকে আরও কার্যকর ও বাজারবান্ধব করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

বিএসইসি চেয়ারম্যান জনাব মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের সব কমিশনার, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এবং ডিএসই, সিএসই, সিডিবিএলসহ বিভিন্ন নিবন্ধিত মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি, সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ও কাস্টোডিয়ানসহ শেয়ারবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।

সভার শুরুতে ‘Review on the Bangladesh Securities and Exchange Commission (Mutual Fund) Rules, 2025’ শীর্ষক একটি উপস্থাপনা দেওয়া হয়। বিএসইসির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান নির্বাহী পরিচালক জনাব মোঃ মাহমুদুল হক উপস্থাপনাটি পরিচালনা করেন। এতে বিদ্যমান মিউচুয়াল ফান্ড বিধিমালার বিভিন্ন দিক পর্যালোচনা এবং সম্ভাব্য সংশোধন ও পরিবর্তনের ক্ষেত্রগুলো তুলে ধরা হয়।

পরবর্তী আলোচনা পর্বে অংশীজনদের কাছ থেকে বিধিমালার বিভিন্ন বিষয়ে মতামত, পরামর্শ ও সুপারিশ গ্রহণ করা হয়। অংশীজনদের উত্থাপিত প্রস্তাব ও পর্যবেক্ষণের ভিত্তিতে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মিউচুয়াল ফান্ড খাতের বিকাশ, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বিধিমালাকে আরও কার্যকর ও বাস্তবসম্মত করার বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান অংশীজনদের গঠনমূলক মতামত ও পরামর্শের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, অংশীজনদের মতামত কমিশনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমিশন তাদের কথা শুনতে আগ্রহী। আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা (International Best Practices) অনুসরণ করে এবং সংশ্লিষ্টদের মতামত বিবেচনায় নিয়ে মিউচুয়াল ফান্ড বিধিমালা পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো অযৌক্তিক বা যুক্তিহীন সিদ্ধান্ত গ্রহণ করা হবে না উল্লেখ করে তিনি বর্তমান কমিশনের উদ্দেশ্য ও সদিচ্ছার ওপর আস্থা রাখার জন্য অংশীজনদের প্রতি আহ্বান জানান।

চেয়ারম্যান আরও বলেন, দেশের শেয়ারবাজারকে আরও গতিশীল, টেকসই ও বিনিয়োগবান্ধব করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়ানো অত্যন্ত জরুরি। শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীদের (রিটেইল ইনভেস্টর) অংশগ্রহণের ওপর নির্ভর করে শেয়ারবাজারের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। এ ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড খাতের বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়ন ছাড়া শেয়ারবাজারের টেকসই প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় বলে তিনি মত প্রকাশ করেন।

বিনিয়োগ শিক্ষা ও আর্থিক সাক্ষরতার (ফাইন্যান্সিয়াল লিটারেসি) ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য আর্থিক সাক্ষরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে কার্যকর উদ্যোগ ছাড়া শেয়ারবাজারের টেকসই বিকাশ সম্ভব নয়। বিনিয়োগকারীদের মধ্যে আর্থিক জ্ঞান, সচেতনতা ও সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে তিনি বিএসইসি, শেয়ারবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে