×
ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সেন্টমার্টিনে ভ্রমণ ও রাতযাপনে নতুন নিয়ম, যাওয়ার আগে জেনে নিন

২০২৬ অক্টোবর ২৭ ২০:৫৯:৫৮
সেন্টমার্টিনে ভ্রমণ ও রাতযাপনে নতুন নিয়ম, যাওয়ার আগে জেনে নিন

নিজস্ব প্রতিবেদক: সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের রাতযাপন নিয়ে আগের সিদ্ধান্ত সংশোধন করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা দ্বীপটিতে ভ্রমণের পাশাপাশি রাতেও থাকতে পারবেন। এ সিদ্ধান্তের ফলে নভেম্বর মাসে দ্বীপে গিয়ে একই দিনে ফিরে আসার বাধ্যবাধকতা থাকছে না।মঙ্গলবার (২৭ অক্টোবর) এ বিষয়ে সংশোধিত নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে ।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাবরীনা রহমান জানান, নভেম্বর এবং ফেব্রুয়ারি-মার্চ মাসে সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা সংশোধন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত পুরো সময়েই পর্যটকেরা দ্বীপটিতে রাত কাটাতে পারবেন।

এর আগে গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত নিয়ে একটি আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত বাস্তবায়নে রোববার মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছিল। সেখানে গত বছরের ২২ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনা বহাল রাখা হয়।

আগের নির্দেশনা অনুযায়ী, নভেম্বর মাসে পর্যটকেরা শুধু দিনের বেলায় সেন্টমার্টিনে যেতে পারতেন এবং একই দিনে ফিরে আসতে হতো। ডিসেম্বর ও জানুয়ারি মাসে দ্বীপে রাতযাপনের সুযোগ ছিল। ফলে এবার পর্যটকদের যাতায়াতের সময় বাড়লেও রাতযাপনের নিয়মে পরিবর্তন আসেনি বলে ধারণা তৈরি হয়।

এ নিয়ে পর্যটক, হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ী ও পর্যটকবাহী জাহাজের মালিকদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে রাতযাপনের বিষয়ে সংশোধিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংশোধিত নির্দেশনা অনুযায়ী, আগের মতোই কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে।

এবার দ্বীপটিতে প্রতিদিন পর্যটক যাওয়ার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে সাড়ে ৩ হাজার। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। এ ছাড়া সেন্টমার্টিনে ভ্রমণের জন্য ট্রাভেল পাস নেওয়া বাধ্যতামূলক থাকছে।

পর্যটকদের রাতযাপনের সুযোগ বাড়ানোর পাশাপাশি দ্বীপটির পরিবেশ সংরক্ষণে নির্ধারিত নিয়মকানুন মেনে চলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই ভ্রমণের আগে পর্যটকদের সর্বশেষ সরকারি নির্দেশনা, ট্রাভেল পাস এবং জাহাজ চলাচলের নিয়ম জেনে নেওয়া প্রয়োজন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে