×
ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মাইগভ বন্ধ, ৪৪০ সরকারি সেবা একসঙ্গে বন্ধ!

২০২৬ অক্টোবর ২৭ ১১:১৩:০১
মাইগভ বন্ধ, ৪৪০ সরকারি সেবা একসঙ্গে বন্ধ!

নিজস্ব প্রতিবেদক: সরকারি সেবা গ্রহণের একক ডিজিটাল প্ল্যাটফর্ম মাইগভের ওয়েবসাইট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রত্যাশীরা। প্ল্যাটফর্মটিতে প্রায় ৪৪০ ধরনের সরকারি সেবা পাওয়া যায়। ওয়েবসাইটে প্রবেশ করতে না পারায় বিভিন্ন সেবার আবেদন, প্রয়োজনীয় নথি জমা এবং অনলাইনে নির্ধারিত কাজ সম্পন্ন করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) থেকে মাইগভের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সাইটটি বন্ধ ছিল। ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ‘ওয়েব সার্ভার ডাউন’ বার্তা দেখা যাচ্ছে। এদিকে, প্ল্যাটফর্মটির ফেসবুক পেজে জরুরি রক্ষণাবেক্ষণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি সংশোধনের অংশ হিসেবে ওয়েবসাইটের সফটওয়্যার সংস্করণ ও একাধিক ডোমেইন হালনাগাদের কাজ চলছে। কয়েক দফা পরীক্ষা শেষে মঙ্গলবারের মধ্যে সেবাটি আবার চালু হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে ওয়েবসাইটটি ঠিক কখন পুরোপুরি সচল হবে, সে বিষয়ে নিশ্চিত সময় জানা যায়নি।

ওয়েবসাইট বন্ধ থাকায় জরুরি নথি জমা দেওয়া, সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং বিভিন্ন সরকারি সেবার আবেদন সম্পন্ন করতে গিয়ে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন বা অন্যান্য কাজ শেষ করতে না পারার আশঙ্কাও তৈরি হয়েছে।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখে নিরাপত্তা ত্রুটি সংশোধনের প্রয়োজন হতে পারে। তবে এ ধরনের পরিস্থিতিতে বিকল্প সেবা চালু রাখা এবং আবেদনকারীদের স্বার্থে প্রয়োজন অনুযায়ী সময়সীমা বাড়ানোর ব্যবস্থা করা জরুরি।

অ্যাসপায়ার টু ইনোভেশন (এটুআই) উদ্যোগের আওতায় পরিচালিত মাইগভ প্ল্যাটফর্মে প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষ বিভিন্ন সেবা গ্রহণ করেন। ই-অ্যাপোস্টিল, জমিসংক্রান্ত সেবা, বিভিন্ন সনদ, ট্রেড লাইসেন্স, অনুমতি এবং অনুদানের জন্য আবেদনসহ নানা ধরনের সরকারি কাজ এই প্ল্যাটফর্মের মাধ্যমে করা যায়।

ডিজিটাল পদ্ধতিতে সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে মাইগভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ওয়েবসাইটটি বন্ধ থাকায় একাধিক সেবা কার্যক্রমে সাময়িক বিঘ্ন তৈরি হয়েছে। দ্রুত ওয়েবসাইট সচল করা এবং যেসব আবেদনকারী নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারবেন না, তাঁদের জন্য প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে