×
ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সৌদিগামী বাংলাদেশিদের জন্য বড় সুখবর, আকামা নিয়ে বড় ঘোষণা

২০২৬ অক্টোবর ২৬ ১৯:২৬:০৩
সৌদিগামী বাংলাদেশিদের জন্য বড় সুখবর, আকামা নিয়ে বড় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট বিপর্যয়ে নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছাতে না পারা এবং এর মধ্যে আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া বাংলাদেশি কর্মীরা আবারও দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। তাঁদের প্রবেশের প্রক্রিয়া সহজ করতে ইলেকট্রনিক ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আশ্বাস দেন। তিনি বলেন, যুদ্ধের কারণে সৃষ্ট ফ্লাইট বিপর্যয়ে যেসব বাংলাদেশি কর্মী নির্ধারিত সময়ে সৌদি আরবে যেতে পারেননি এবং এর মধ্যে তাঁদের আকামার মেয়াদ শেষ হয়েছে, তাঁরা পরবর্তী সময়ে সৌদি আরবে যাওয়ার সুযোগ পেলে প্রবেশের প্রক্রিয়া ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার ও রিক্রুটিং এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, দুই পক্ষ একসঙ্গে কাজ করলে জনশক্তি রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় কমিয়ে আনার আহ্বান জানান তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, যে দেশে যেতে তিন লাখ টাকা খরচ হওয়ার কথা, সেখানে কর্মীদের কাছ থেকে সাত থেকে আট লাখ টাকা নেওয়া কোনোভাবেই উচিত নয়। রিক্রুটিং এজেন্সিগুলোকে বৈধ উপায়ে ব্যবসা পরিচালনা করতে হবে এবং কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে হবে। বিদেশে যাওয়ার খরচ জোগাড় করতেই যেন কর্মীদের জীবনের মূল্যবান সময় শেষ হয়ে না যায়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিদেশগামী কর্মীদের ভিসা যাচাই এবং বিদেশযাত্রার আনুষঙ্গিক প্রক্রিয়া সহজ করতে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) আধুনিক প্রযুক্তি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি প্রবাসী কর্মীদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য উন্মুক্ত ইমেইল সেবা চালু এবং এ বিষয়ে ব্যাপক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

গন্তব্য দেশের আইন ও বিধিবিধান মেনে চলার প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইনকানুন সম্পর্কে সচেতন করতে হবে। এ বিষয়ে সরকারের পাশাপাশি রিক্রুটিং এজেন্সিগুলোকেও প্রচার-প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. নুরুল হক সৌদি আরবে কারাবন্দি বাংলাদেশিদের আগামী রমজানে বিশেষ ক্ষমার আওতায় আনার বিষয়টি বিবেচনা করতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। প্রবাসী কর্মীদের আর্থিক চাপ কমাতে রিক্রুটিং এজেন্সিগুলোকেও অভিবাসন ব্যয় হ্রাসের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বাংলাদেশ ও সৌদি আরবের শ্রমবাজার-সংশ্লিষ্ট সম্পর্কের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া বলেন, সৌদি আরবে দেশটির নিজস্ব নাগরিকদের পর সবচেয়ে বেশি সংখ্যায় বসবাস করেন বাংলাদেশের কর্মীরা। দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ভবিষ্যতে শ্রম খাতে সহযোগিতা আরও জোরদার ও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। এ ছাড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রিক্রুটিং এজেন্সির প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বিদ্যমান বিভিন্ন জটিলতা তুলে ধরেন। তাঁরা তাকামুল পরীক্ষা সহজ করা, পরীক্ষার ফি কমানো, বিএমইটির জনশক্তি-সংক্রান্ত জটিলতা নিরসন এবং রিক্রুটিং এজেন্সিগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করার দাবি জানান।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে