×
ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

পাঁচ বিনিয়োগকারীর শেয়ার বিক্রি নিয়ে রহস্য, তদন্তের মুখে দুই প্রতিষ্ঠান

২০২৬ অক্টোবর ২৬ ১৮:০৫:০৭
পাঁচ বিনিয়োগকারীর শেয়ার বিক্রি নিয়ে রহস্য, তদন্তের মুখে দুই প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: মালেক স্পিনিং মিলস পিএলসির পাঁচ বিনিয়োগকারীর হিসাব থেকে শেয়ার বিক্রির ঘটনায় তদন্ত শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারীদের দাবি, তাঁদের অনুমতি ছাড়াই এসব শেয়ার বিক্রি করা হয়েছে। এই ঘটনায় শেয়ার বিক্রির নির্দেশ কে দিয়েছিল, তা নিয়ে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের বক্তব্যেও দেখা দিয়েছে বিরোধ।

বিএসইসির ১৮ অক্টোবরের এক তদন্ত আদেশ অনুযায়ী, শেয়ার বিক্রির নির্দেশ পাওয়ার বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে মার্চেন্ট ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এর প্যানেল ব্রোকার সিটি ব্রোকারেজ লিমিটেড। সিটি ব্রোকারেজের দাবি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল থেকেই শেয়ার বিক্রির নির্দেশনা এসেছিল। তবে মার্চেন্ট ব্যাংকটি এমন নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছে। অন্যদিকে, সংশ্লিষ্ট পাঁচ বিনিয়োগকারীও শেয়ার বিক্রির অনুমতি দেওয়ার কথা নাকচ করেছেন।

ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্তের উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। তদন্ত কমিটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটালের কাছে সংরক্ষিত শেয়ার বিক্রির মূল নির্দেশনাসংক্রান্ত নথির সঙ্গে সিটি ব্রোকারেজের জমা দেওয়া নথি মিলিয়ে দেখবে। পাশাপাশি নথিতে থাকা স্বাক্ষর যাচাই করা হবে। নথিগুলো লেনদেনের সময় তৈরি হয়েছিল, নাকি পরে জালিয়াতি, পরিবর্তন বা পেছনের তারিখ দিয়ে তৈরি করা হয়েছে, তাও খতিয়ে দেখা হবে।

শুধু শেয়ার বিক্রির নির্দেশনা নয়, বিক্রি হওয়া শেয়ারের মালিকানা হস্তান্তর এবং বিক্রির অর্থ কোথায় গেছে, সেটিও তদন্তের আওতায় থাকবে। শেয়ার বিক্রির নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করার পরও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল কীভাবে লেনদেন নিষ্পত্তির জন্য শেয়ার সরবরাহ করেছিল, তা-ও অনুসন্ধান করবে কমিটি।

এ ছাড়া শেয়ার বিক্রির অর্থ বিনিয়োগকারীদের মার্জিন ঋণের দায়ের বিপরীতে সমন্বয় করা হয়েছিল কি না, তা যাচাই করা হবে। সংশ্লিষ্ট শেয়ারগুলোর ওপর কোনো লক-ইন বা নির্দিষ্ট সময় পর্যন্ত বিক্রিতে নিষেধাজ্ঞা ছিল কি না, সেটিও খতিয়ে দেখবেন তদন্তকারীরা।

তদন্ত কমিটিতে রয়েছেন বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. সাইফুল ইসলাম, সহকারী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্তে কোনো অনিয়ম বা শেয়ারবাজার-সংক্রান্ত আইন ও বিধিবিধানের লঙ্ঘন হয়েছে কি না, তা নির্ধারণ করা হবে। একই সঙ্গে সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় নিয়ন্ত্রক বা আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে কমিটি।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে