×
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বীমার পাওনা পরিশোধে অনিয়ম, নতুন পলিসিতে নিষেধাজ্ঞা

২০২৬ অক্টোবর ২৪ ০৭:২৯:৪৮
বীমার পাওনা পরিশোধে অনিয়ম, নতুন পলিসিতে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: মেয়াদোত্তীর্ণ বীমার পাওনা পরিশোধের পরিবর্তে গ্রাহককে নতুন পলিসি কিনতে বাধ্য করার সুযোগ বন্ধ করে দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। জীবন বীমা কোম্পানিগুলোর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আইডিআরএ জানায়, কিছু জীবন বীমা কোম্পানি মেয়াদপূর্তির দাবি, মৃত্যুদাবি ও পলিসি সমর্পণের সুবিধার অর্থ পরিশোধের ক্ষেত্রে গ্রাহক কিংবা মনোনীত ব্যক্তিকে একই কোম্পানির নতুন বীমা পলিসি কেনার শর্ত দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে নতুন পলিসি নিতে বাধ্য করার পাশাপাশি পুরোনো পলিসির পাওনা থেকে নতুন পলিসির প্রিমিয়াম বাবদ অর্থ কেটে রেখে অবশিষ্ট টাকা ফেরত দেওয়া হচ্ছে।

আইডিআরএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রচলিত আইন অনুযায়ী বীমাদাবির সম্পূর্ণ অর্থ ৯০ দিনের মধ্যে পরিশোধ করতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকের পাওনা মিটিয়ে না দিয়ে সেই অর্থ সমন্বয় করে নতুন পলিসি করানোর কোনো সুযোগ নেই।

নিয়ন্ত্রক সংস্থাটি আরও জানিয়েছে, বীমা কোম্পানিগুলোর এ ধরনের কর্মকাণ্ড গ্রাহকদের অসন্তুষ্টি বাড়াচ্ছে, তাঁদের স্বার্থ ক্ষুণ্ন করছে এবং সামগ্রিকভাবে বীমা খাতের ক্ষতি করছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়সীমা অতিক্রমের পরবর্তী ৩০ দিনের মধ্যে বীমাদাবির অর্থ পরিশোধ করা হলে, টাকা দেওয়ার তারিখ থেকে পরবর্তী ৩০ দিন সংশ্লিষ্ট গ্রাহকের নামে নতুন কোনো পলিসি ইস্যু করতে পারবে না ওই কোম্পানি।

অন্যদিকে, বীমাদাবির অর্থ পরিশোধে ১২০ দিন বা তার বেশি সময় লাগলে, দাবি নিষ্পত্তির তারিখ থেকে পরবর্তী ১৮০ দিন নতুন পলিসি ইস্যু করতে পারবে না সংশ্লিষ্ট বীমা কোম্পানি। এ বিধিনিষেধ কেবল একই কোম্পানির ক্ষেত্রে কার্যকর হবে। তবে এই সময়ে গ্রাহক চাইলে অন্য কোনো বীমা কোম্পানি থেকে পলিসি নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বীমার দাবি পরিশোধের অর্থ গ্রাহক বা নমিনির ব্যাংক হিসাবে এককালীন জমা দিতে হবে। সরকারি রাজস্বসংক্রান্ত অর্থ ছাড়া অন্য কোনো খাতে টাকা কেটে রাখা বা সমন্বয় করা যাবে না।

তবে নির্ধারিত ৯০ দিনের মধ্যে বীমাদাবির সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হলে নতুন পলিসি ইস্যুর ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকবে না বলে জানিয়েছে আইডিআরএ।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে