×
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সরকারের ব্যর্থতা, দুই মন্ত্রীর পদত্যাগ চান নাহিদ

২০২৬ অক্টোবর ২৩ ২২:৩৪:৩৬
সরকারের ব্যর্থতা, দুই মন্ত্রীর পদত্যাগ চান নাহিদ

নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এসব ক্ষেত্রে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে এনসিপির সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

বাজার পরিস্থিতি তুলে ধরে নাহিদ বলেন, সাধারণ মানুষ বাজারে গিয়ে এখন এক-দুই ধরনের বেশি সবজি কিনতে পারছেন না। মধ্যবিত্ত পরিবারগুলোও আগের তুলনায় ডিম খাওয়ার পরিমাণ অর্ধেকেরও বেশি কমাতে বাধ্য হয়েছে। তাঁর দাবি, সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর দ্রুত পদত্যাগ করা উচিত। এ সময় তিনি অভিযোগ করেন, জ্বালানিমন্ত্রীকে নিজের বক্তব্য দেওয়ার সুযোগও দেওয়া হয় না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তাঁর অভিযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবার বন্ধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না; বরং সাধারণ মানুষ ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চলছে।

সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন স্থানে প্রকাশ্যে সাংবাদিকদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই এবং বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ করতে গেলেও সংবাদমাধ্যমগুলো বাধার মুখে পড়ছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে