×
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকসহ আটক নারী-পুরুষ ৮৪

২০২৬ অক্টোবর ২০ ১৮:৩৩:০৫
অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকসহ আটক নারী-পুরুষ ৮৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভাটারা থানার অধীন পুলিশ হাউজিং-১ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৮৪ জন নারী-পুরুষকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাসাটি পুলিশ সদর দপ্তরের হেডকোয়ার্টার্স শাখার অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বলে জানিয়েছে পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল সেখানে রাতভর অভিযান চালায়। গোয়েন্দা তথ্য অনুযায়ী, ওই বাসায় সারা রাত ডিজে পার্টির আয়োজন, মাদক সেবন এবং মাদকের কারবার চলত। অভিযানে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আফগানিস্তানের একজন নাগরিকও রয়েছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির এয়ারবিএনবির মাধ্যমে বাসাটি ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টি পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিবি পুলিশের সূত্র জানায়, অভিযানে ওই বাসা থেকে গাঁজা, ইয়াবা, মদ, কনডম এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, এয়ারবিএনবির মাধ্যমে বাসাটি ভাড়া দেওয়া হয়েছিল। একজন হোস্ট ও একজন কো-হোস্টের মাধ্যমে এটি পরিচালিত হতো। কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে। বাসাটি ভাড়া দিয়ে যে আয় হতো, তার ৭০ শতাংশ নিতেন আব্দুল্লাহ আল জহির বলে জানান তিনি।

ডিবি পুলিশের একটি সূত্রের দাবি, আটক কো-হোস্টকে ছাড়িয়ে নিতে অতিরিক্ত ডিআইজি তদবিরও করেছিলেন। সূত্রটি আরও জানায়, আড়াইতলা ওই ট্রিপ্লেক্স বাড়িতে প্রতি রাতেই অবৈধভাবে মদসহ ডিজে পার্টির আয়োজন করা হতো।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির যুগান্তরকে বলেন, তিনি বাসাটি ভাড়া দিয়েছিলেন এবং ভাড়া দেওয়ার সময় সংশ্লিষ্টদের সব নিয়মনীতি জানিয়ে দেওয়া হয়েছিল। ভাড়াটিয়ারা সেখানে কোনো অপরাধ করে থাকলে তার দায় তাদেরই নিতে হবে। তিনি বলেন, ওই বাসায় তিনি থাকেন না।

উল্লেখ্য, এয়ারবিএনবি একটি অনলাইন প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বাড়ি, অ্যাপার্টমেন্ট, ভিলা কিংবা কক্ষ স্বল্প বা দীর্ঘ মেয়াদে ভাড়া দেওয়া যায়। একই প্ল্যাটফর্ম ব্যবহার করে অতিথিরা এসব আবাসন বুকিং করতে পারেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে