×
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বিলবোর্ডকে রাস্তা ভেবে ট্রাক চালালেন চালক

২০২৬ অক্টোবর ১৯ ১৭:২০:০৩
বিলবোর্ডকে রাস্তা ভেবে ট্রাক চালালেন চালক

নিজস্ব প্রতিবেদক: ভারতের দিল্লি-দেরাদুন এক্সপ্রেসওয়েতে বিজ্ঞাপনের বিলবোর্ডকে মূল সড়কের অংশ ভেবে দ্রুতগতিতে ট্রাক চালিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক চালক। দেরাদুনের আশারোড়ি এলাকায় ঘটে যাওয়া এ ঘটনা ঘিরে সড়ক নিরাপত্তা এবং রাস্তার পাশে স্থাপিত বিলবোর্ডের নকশা ও অবস্থান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের বরাতে রোববার (১৮ অক্টোবর) দুর্ঘটনার বিষয়টি সামনে আসে। প্রতিবেদন অনুযায়ী, এক্সপ্রেসওয়ের ওই অংশে থাকা একটি বিজ্ঞাপনের বিলবোর্ড দূর থেকে মূল সড়কের মতো দেখায়। চালক সেটিকে রাস্তা ভেবে দ্রুতগতিতে ট্রাক চালিয়ে দিলে দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার পর বিলবোর্ডটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর নকশা, অবস্থান এবং চালকদের দৃষ্টিভ্রমের সম্ভাবনা নিয়ে শুরু হয় আলোচনা। অনেকেই ওই এলাকায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিলবোর্ডটির অবস্থান ও দৃশ্যমানতা পরীক্ষা করার দাবি তুলেছেন।

স্থানীয়ভাবে ওই অংশে একের পর এক দুর্ঘটনার খবর সামনে আসায় উদ্বেগ আরও বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক মাসে এক্সপ্রেসওয়ের ওই নির্দিষ্ট এলাকায় অন্তত চার থেকে পাঁচটি দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও কয়েকজন।

তবে পুলিশ জানিয়েছে, বিলবোর্ডটির কারণেই এসব দুর্ঘটনা ঘটছে—এমন কোনো অকাট্য প্রমাণ বা নিশ্চিত যোগসূত্র এখনো পাওয়া যায়নি। ফলে বিলবোর্ডের নকশা কিংবা অবস্থান দুর্ঘটনার জন্য সরাসরি দায়ী কি না, তা নিশ্চিত হতে আরও তদন্ত ও তথ্য যাচাই প্রয়োজন।

সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, মহাসড়কের পাশে স্থাপিত বিজ্ঞাপন বা অন্য কোনো কাঠামো চালকদের দৃষ্টিতে বিভ্রান্তি তৈরি করছে কি না, তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন। বিশেষ করে উচ্চগতির সড়কে চালকের দৃষ্টিসীমা ও রাস্তার প্রকৃত বিন্যাস স্পষ্ট থাকা জরুরি।

আশারোড়ির এই দুর্ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় বিলবোর্ডটির অবস্থান এবং সড়কের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার দাবি জোরালো হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্তের ফলাফলের ওপর নির্ভর করবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে