×
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যাঁরা

২০২৬ অক্টোবর ১৮ ১১:৩৬:৪১
ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যাঁরা

নিজস্ব প্রতিবেদক: ফেসবুক ব্যবহারকারীদের প্রকৃত পরিচয় যাচাইয়ের জন্য বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ দেওয়ার উদ্যোগের কথা জানিয়েছে মেটা। তবে এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে ব্যবহারকারীদের। বয়স, অ্যাকাউন্টের ধরন, নীতিমালা মেনে চলা এবং পরিচয় যাচাইয়ের ফলাফলের ওপর নির্ভর করবে ব্যাজ পাওয়ার যোগ্যতা।

প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীরা ভিডিও সেলফির মাধ্যমে নিজেদের পরিচয় যাচাই করতে পারবেন। ভিডিওতে ধারণ করা মুখের সঙ্গে ফেসবুক প্রোফাইলের ছবির মিল পরীক্ষা করে পরিচয় নিশ্চিত করার কথা বলা হয়েছে। এ প্রক্রিয়ায় অর্থ ব্যয় করতে হবে না।

যেসব ব্যবহারকারী ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না

১. ১৮ বছরের কম বয়সীরা: এই সুবিধা পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। ফলে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীরা এর আওতায় পড়বেন না।

২. ফেসবুক পেজের মালিকেরা: আপাতত এই ভেরিফিকেশন সুবিধা ব্যক্তিগত প্রোফাইলকেন্দ্রিক। ফেসবুক পেজের জন্য এটি চালু করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

৩. প্রফেশনাল মোড চালু থাকা প্রোফাইল: যেসব প্রোফাইলে প্রফেশনাল মোড সক্রিয় রয়েছে, সেগুলো এই সুবিধার আওতায় আসবে না বলে জানানো হয়েছে।

৪. নীতিমালা লঙ্ঘনকারী অ্যাকাউন্ট: প্রতারণা, জালিয়াতি বা বিভ্রান্তিকর কর্মকাণ্ডের মাধ্যমে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য অযোগ্য হতে পারে।

৫. ভুয়া পরিচয় ব্যবহারকারী: কোনো অ্যাকাউন্টে অসত্য পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের প্রমাণ পাওয়া গেলে সেই ব্যবহারকারী বিনা মূল্যের ভেরিফায়েড ব্যাজ পাবেন না।

৬. পরিচয় যাচাইয়ে ব্যর্থ ব্যবহারকারী: ভিডিও সেলফির সঙ্গে প্রোফাইলের ছবির মিল না পাওয়া গেলে পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে না। সে ক্ষেত্রে ব্যাজ পাওয়ার যোগ্যতাও তৈরি হবে না।

ফ্রি ভেরিফিকেশন কীভাবে কাজ করবে?

প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও সেলফির মাধ্যমে পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সাধারণত কয়েক মিনিটের মধ্যে সম্পন্ন হতে পারে। যাচাই সফল হলে ফেসবুকের সমর্থিত বিভিন্ন জায়গায় প্রোফাইলে ভেরিফায়েড ব্যাজ দেখা যাবে।

এ সুবিধার সঙ্গে অর্থের বিনিময়ে পাওয়া ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশনের পার্থক্য রয়েছে। মেটা ভেরিফায়েডের ক্ষেত্রে নীল ব্যাজের পাশাপাশি অ্যাকাউন্ট সুরক্ষাসহ কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। অন্যদিকে, প্রতিবেদনে উল্লেখ করা নতুন বিনা মূল্যের ব্যবস্থায় কালো ব্যাজ ব্যবহারের কথা বলা হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে ভুয়া প্রোফাইল, ছবি ও বার্তা তৈরি সহজ হয়ে ওঠায় প্রকৃত পরিচয় শনাক্ত করার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মেটার এই উদ্যোগের লক্ষ্য হলো মার্কেটপ্লেস, ডেটিং, গ্রুপসহ ফেসবুকের বিভিন্ন জায়গায় অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের আগে তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার সুযোগ তৈরি করা।

তবে বিনা মূল্যের এই ভেরিফিকেশন সুবিধার প্রাপ্যতা ও শর্ত অঞ্চল এবং অ্যাকাউন্টভেদে ভিন্ন হতে পারে। তাই আবেদন করার আগে ফেসবুকের নিজস্ব নোটিশ ও সহায়তা বিভাগে দেওয়া তথ্য যাচাই করে নেওয়া উচিত।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর

উ
প
রে