×
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা

২০২৬ অক্টোবর ১৮ ১০:৪৯:৫১
শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা

নিজস্ব প্রতিবেদক: ভারতের সিটিজেনস জাস্টিস পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দিল্লির বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছ থেকে জামিন পাওয়ার পর তিনি মুক্তি পান। এর আগের দিন শুক্রবার কনট প্লেসের দিকে যাওয়ার সময় তাঁকে আটক করে পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, জামিনের বন্ডে স্বাক্ষর করার পর অভিজিৎ দীপকে মুক্তি দেওয়া হয়। জামিনের অন্যতম শর্ত হলো, আগামী এক বছর তাঁর কোনো কর্মকাণ্ডে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়া যাবে না। তবে জামিনের আদেশের অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এর আগে শুক্রবার বিকেল ৫টায় ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিজিৎ দীপকে। তবে কর্মসূচিতে অংশ না নিতে কয়েক ঘণ্টা আগে তাঁকে নোটিশ দেয় দিল্লি পুলিশ। নোটিশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারার অধীনে জারি করা নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়।

পুলিশের নোটিশের পরও শুক্রবার সন্ধ্যায় কনট প্লেসের উদ্দেশে রওনা হন দীপকে। কিছুক্ষণের মধ্যেই তাঁকে আটক করা হয়। একই দিন মান্ডি হাউসের কাছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) কর্মী নেহা বোরাকেও আটক করা হয়। পরে আইসা ও সিজেপির পক্ষ থেকে জানানো হয়, দীপকে ও বোরার অবস্থান সম্পর্কে তারা কিছু জানে না।

বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ অক্টোবর দেওয়া শান্তি রক্ষার বন্ডের শর্ত লঙ্ঘনের অভিযোগে শনিবার সকালে দীপকেকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়।

তবে সিজেপির মুখপাত্র সুরভ দাস ও আশুতোষ রাঙ্কা এখনো হেফাজতে রয়েছেন। বুধবার বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠান। এর আগের দিন মঙ্গলবার সিজেপির আরও কয়েকজন সদস্যের সঙ্গে তাঁরা দিল্লির যন্তর মন্তরে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই এলাকায় প্রতিবাদের জন্য নির্ধারিত স্থানের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর তাঁরা সেখানে প্রবেশ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সিজেপি নেতা অজিঙ্কা শিন্ডেকে ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয়েছে।

সুরভ দাস ও আশুতোষ রাঙ্কার আইনজীবীর দাবি, দিল্লি পুলিশ তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক অনুপ্রবেশের অভিযোগ এনেছে। পাশাপাশি, দিল্লি ক্যান্টনমেন্ট থানায় গত রোববার বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত না করার যে বন্ডে তাঁরা স্বাক্ষর করেছিলেন, সেটি লঙ্ঘনের অভিযোগও করা হয়েছে।

অভিজিৎ দীপকের জামিনে মুক্তির পরও সিজেপির অন্য নেতাদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, তা এখনো স্পষ্ট নয়।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে