×
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!

২০২৬ অক্টোবর ১৫ ১১:৪৮:৪৩
৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে ডিজিটাল প্রতারণা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বিনিয়োগের প্রস্তাব, নির্দিষ্ট শেয়ারের দাম বাড়ার গুজব এবং অল্প সময়ে বিপুল মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডিজিটাল প্রতারণার মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে ৭ বিলিয়ন বা ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এসব প্রতারণায় ৮১টি মেসেঞ্জার গ্রুপ, এক হাজারের বেশি পেজ এবং ২৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপসহ সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বক্তারা বলেন, বিনিয়োগ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাব, দ্রুত মুনাফা অর্জনের প্রবণতা এবং তথ্য যাচাই না করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার কারণে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় বিনিয়োগকারীদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার নজরদারি ও নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

আলোচনায় ডিজিটাল প্রতারণার কয়েকটি ধরন তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে অল্প সময়ে বিপুল মুনাফা বা লটারিতে পুরস্কার জেতার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া, ফেসবুক ও ইনস্টাগ্রামে নির্দিষ্ট শেয়ারের দাম দ্রুত বাড়বে বলে মিথ্যা প্রচার চালানো এবং কোম্পানির গোপন তথ্য রয়েছে দাবি করে বিনিয়োগকারীদের প্রভাবিত করা। এ ছাড়া প্রকৃত ব্রোকারেজ হাউস বা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের আদলে নকল ওয়েবসাইট তৈরি করে বিনিয়োগকারীদের ব্যক্তিগত তথ্য ও অর্থ চুরির ঘটনাও ঘটছে।

চার্টার্ড ফাইন্যান্সিয়াল সোসাইটির সভাপতি মাহাতাব ওসমানী বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিনিয়োগে ধারাবাহিকভাবে দুই অঙ্কের উচ্চ হারে মুনাফার নিশ্চয়তা দিলে এবং কখনো লোকসান হবে না বলে প্রতিশ্রুতি দিলে সতর্ক হওয়া উচিত। শেয়ারবাজারে বিনিয়োগে লাভের পাশাপাশি লোকসানের ঝুঁকিও থাকে। তাই অস্বাভাবিক মুনাফার নিশ্চয়তা দেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে বিনিয়োগসংক্রান্ত পরামর্শ নেওয়ার আগে তাদের পরিচয়, নিবন্ধন ও বিশ্বাসযোগ্যতা যাচাই করা প্রয়োজন।

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনটেন্টস অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আসিফুর রহমান বলেন, অনেক বিনিয়োগকারী কোম্পানির আর্থিক সক্ষমতা যাচাই না করেই শেয়ার কেনার সিদ্ধান্ত নেন। কোম্পানির নিরীক্ষা প্রতিবেদন ও আর্থিক বিবরণী না পড়া এবং নিরীক্ষকের পর্যবেক্ষণ উপেক্ষা করার কারণে তাঁরা বিনিয়োগের প্রকৃত ঝুঁকি সম্পর্কে যথাযথ ধারণা পান না। অথচ কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে থাকা নিরীক্ষকের মতামত ও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বিশ্লেষণ করলে আর্থিক দুর্বলতা এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।

ডিজিটাল প্রতারণা মোকাবিলায় নজরদারি ও পর্যবেক্ষণব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগের কথাও তুলে ধরেন ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম। তিনি জানান, প্রতারণামূলক কার্যক্রম শনাক্ত করার সক্ষমতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ রয়েছে।

আলোচকেরা বলেন, ডিজিটাল মাধ্যমে প্রতারণা ঠেকাতে শুধু নজরদারি বাড়ালেই হবে না, বিনিয়োগকারীদেরও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই করার অভ্যাস গড়ে তুলতে হবে। কোনো শেয়ার কেনার আগে সংশ্লিষ্ট কোম্পানির আর্থিক অবস্থা, ব্রোকারেজ হাউসের পরিচয় এবং বিনিয়োগ পরামর্শদাতার নিবন্ধন যাচাই করা জরুরি। অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো লিংকে প্রবেশ করে পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য কিংবা ব্যাংক ও আর্থিক হিসাবের গোপন তথ্য দেওয়া থেকেও বিরত থাকতে হবে।

বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করতে একটি সমন্বিত পাবলিক ভেরিফিকেশন প্ল্যাটফর্ম গড়ে তোলার তাগিদ দিয়েছেন বক্তারা। এ ধরনের প্ল্যাটফর্ম চালু হলে বিনিয়োগকারীরা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচয়, নিবন্ধন এবং অনুমোদনের তথ্য সহজে যাচাই করতে পারবেন। এতে ভুয়া প্রতিষ্ঠান শনাক্ত করা এবং প্রতারণার ঝুঁকি কমানোর সুযোগ তৈরি হবে বলে মনে করেন তাঁরা।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে নিয়ন্ত্রক সংস্থার কার্যকর নজরদারি, নিবন্ধিত প্রতিষ্ঠানের জবাবদিহি এবং বিনিয়োগকারীদের আর্থিক শিক্ষার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও প্রতারণামূলক প্রস্তাব মোকাবিলায় দ্রুত তথ্য যাচাই, জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর সতর্কীকরণব্যবস্থা গড়ে তোলা জরুরি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে