×
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

২০২৬ অক্টোবর ১১ ১৬:০৪:১২
গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকার গুলশান আবাসিক এলাকার বর্জ্য অপসারণের কাজ নিজেদের নিয়ন্ত্রণে নিতে হুমকি এবং তা না হলে প্রতি মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১০ অক্টোবর সন্ধ্যায় খিলক্ষেতের আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আনোয়ার (৩০), মো. নাজমুল (২৫) ও মো. জিদান মিয়া (১৯)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কার্যাদেশের আওতায় দীর্ঘদিন ধরে গুলশান আবাসিক এলাকার বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে গুলশান সোসাইটি। সম্প্রতি ‘মাহাবুব ও রবিন গ্রুপ’ পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি সোসাইটির পরিচ্ছন্নতাকর্মীদের ভয়ভীতি দেখাতে শুরু করেন। একই সঙ্গে ‘রুবি এন্টারপ্রাইজ’ নামের একটি অনুমোদনহীন প্রতিষ্ঠানের নামে লিফলেট বিতরণ করে বাসাবাড়ি থেকে বর্জ্য সরানোর বিনিময়ে অর্থ দাবি করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

এরই ধারাবাহিকতায় গত ৬ অক্টোবর বিকেলে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি গুলশান সোসাইটির কার্যালয়ে ঢুকে পড়েন বলে অভিযোগ রয়েছে। সেখানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে বর্জ্য অপসারণের দায়িত্ব তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান তারা। এ সময় সোসাইটির লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, বর্জ্য অপসারণের কাজ তাদের কাছে হস্তান্তর না করলে প্রতি মাসে ৫০ লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন অভিযুক্তরা। দাবি পূরণ না হলে সোসাইটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের বড় ধরনের ক্ষতি করা এবং হত্যার হুমকি দিয়ে তারা কার্যালয় ত্যাগ করেন।

ঘটনার পর গুলশান থানা পুলিশ তদন্তে নামে। কার্যালয় ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনার পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের পরিচয় শনাক্ত করা হয়। এরপর ১০ অক্টোবর সন্ধ্যায় খিলক্ষেতের আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আনোয়ার, নাজমুল ও জিদান মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গুলশান থানায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৩৮৫ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে। গত ১০ অক্টোবর দায়ের করা মামলাটির নম্বর ১৪।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে