×
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

২০২৬ অক্টোবর ১০ ১৯:৩১:৫২
ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

নিজস্ব প্রতিবেদক: ব্যাপক আর্থিক অনিয়ম, অর্থপাচার ও কাঠামোগত ক্ষতি কাটিয়ে দেশের ব্যাংক খাতকে পুনরুদ্ধার করতে আগামী পাঁচ থেকে আট বছর পর্যন্ত জাতীয় বাজেট থেকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ওয়ান ব্যাংক আয়োজিত বাংলা কিউআর লেনদেনের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে ইউআইইউর উপাচার্য মো. আবুল কাশেম মিঞা এবং ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান উপস্থিত ছিলেন। এতে বিশ্ববিদ্যালয়ের ৪০০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন।

ব্যাংক খাতে অর্থপাচার ও অনিয়মের ভয়াবহতা তুলে ধরে গভর্নর বলেন, তিনি দায়িত্ব গ্রহণের সময় ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ লুট হয়ে গিয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, বিপুল এই অর্থ দিয়ে সরকার দেশের দুই কোটি পরিবারকে সহায়তা দিতে পারত। এমনকি পদ্মা সেতুর মতো দুটি বড় অবকাঠামো প্রকল্পও নির্মাণ করা সম্ভব হতো। ব্যাংক খাতে তারল্য সংকট তৈরির জন্য দায়ীদের সমালোচনা করে তিনি বলেন, এই অপরাধের ব্যাপকতা বোঝাতে প্রচলিত শব্দও যথেষ্ট নয়।

মোস্তাকুর রহমান বলেন, একটি গোষ্ঠী জনগণের অর্থ লুট করেছে। তাঁর মতে, এ ঘটনাকে কেবল চুরি বললে এর ব্যাপকতা বোঝানো যায় না; এটি ছিল বড় ধরনের লুটপাট। আর্থিক অনিয়ম ও অর্থপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা এবং আত্মসাৎ করা সম্পদ ফিরিয়ে আনতে ইতোমধ্যে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, তরুণদের ডিজিটাল লেনদেনে আগ্রহী করা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নগদ অর্থের ব্যবহার কমাতে ইউআইইউতে বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু করেছে ওয়ান ব্যাংক পিএলসি। অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এ সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্যাম্পাসের নির্ধারিত কিছু লেনদেনে সহজেই ডিজিটাল পেমেন্ট করতে পারবেন।

অনুষ্ঠানে ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান বলেন, দৈনন্দিন জীবনে আর্থিক সেবা যত বেশি সহজ ও সবার নাগালে পৌঁছাবে, ডিজিটাল রূপান্তর তত বেশি কার্যকর হবে। ইউআইইউতে বাংলা কিউআর চালুর ফলে শিক্ষার্থীরা সরাসরি বিভিন্ন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ডিজিটাল পেমেন্ট ব্যবহারের সুযোগ পাবেন। একই সঙ্গে ডিজিটাল আর্থিক সেবার সম্ভাবনা সম্পর্কেও তাঁদের ধারণা আরও স্পষ্ট হবে।

বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট-সংক্রান্ত লক্ষ্য বাস্তবায়ন এবং ভবিষ্যতের লেনদেনব্যবস্থা গড়ে তুলতে তরুণদের সম্পৃক্ত করার অংশ হিসেবে ইউআইইউর সঙ্গে কাজ করতে পেরে ওয়ান ব্যাংক আনন্দিত বলেও জানান মুহিত রহমান।

এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর শিক্ষার্থীদের সঙ্গে ডিজিটাল পেমেন্ট, আর্থিক উদ্ভাবন এবং দেশের ব্যাংকিং খাতের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ উদ্যোগ এবং দেশের ডিজিটাল পেমেন্টব্যবস্থার বিকাশে এর ভূমিকা নিয়ে একটি উপস্থাপনাও দেওয়া হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আউটলেটে এ উদ্যোগের আওতায় নগদবিহীন লেনদেনব্যবস্থা চালু করা হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, ওয়ান ব্যাংক ও ইউআইইউর এই অংশীদারত্ব শিক্ষার্থীদের ডিজিটাল লেনদেন সম্পর্কে সচেতনতা বাড়াবে এবং ক্যাম্পাসে আধুনিক পেমেন্ট ব্যবস্থার ব্যবহার বিস্তারে ভূমিকা রাখবে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে