×
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা

২০২৬ অক্টোবর ১০ ১৯:১২:৩২
পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক: যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ছড়িয়ে পড়ার পর শনিবার (১০ অক্টোবর) নির্ধারিত পরীক্ষাটি স্থগিত করা হয়। ১১তম গ্রেডের এ পরীক্ষা সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পরীক্ষা স্থগিতের খবরে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন চাকরিপ্রার্থীরা। অনেককে পরীক্ষা কেন্দ্রের সামনেই নিজেদের প্রবেশপত্র ছিঁড়ে ফেলতে দেখা যায়।

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় দনিয়া কলেজ কেন্দ্রে শনিবার সকালে গিয়ে দেখা যায়, পরীক্ষা শুরুর মাত্র পাঁচ মিনিট আগে কোনো নোটিশ ছাড়াই পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এতে দূরদূরান্ত থেকে আসা পরীক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। কেন্দ্রের সামনে জড়ো হয়ে তাদের কয়েকজনকে বিভিন্ন স্লোগান দেওয়ার চেষ্টা করতেও দেখা যায়।

পঞ্চগড় ও রংপুর অঞ্চলের কয়েকজন পরীক্ষার্থী দেশ রূপান্তরকে জানান, ২৫ থেকে ৩০ লাখ টাকার বিনিময়ে চাকরি নিশ্চিত করে দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন তারা।

পরীক্ষা দিতে ঢাকায় আসা এক চাকরিপ্রার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই থেকে তিন হাজার টাকা গাড়িভাড়া খরচ করে ঢাকায় এসে জানতে হয়েছে পরীক্ষা স্থগিত। এর কারণ হিসেবে প্রশ্নফাঁসের অভিযোগ সামনে এসেছে বলেও তিনি হতাশা প্রকাশ করেন।

মাহফুজা নামে পঞ্চগড়ের এক পরীক্ষার্থী দেশ রূপান্তরকে জানান, দুই দিন আগে গ্রামের বাড়িতে মায়ের সঙ্গে যাওয়ার পর কয়েকজন ব্যক্তি তাকে ২৫ লাখ টাকার বিনিময়ে চাকরি নিশ্চিত করার প্রস্তাব দেন। তারা আগের রাতে প্রশ্ন সরবরাহ করার পাশাপাশি লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায়ও ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. মাজহারুল হক দেশ রূপান্তরকে বলেন, তিনিও একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ছিলেন। এর মধ্যে অনিবার্য কারণে হঠাৎ পরীক্ষা স্থগিত করা হয়। তবে কী কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা তিনি তখনো জানতে পারেননি।

পরবর্তী পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য তথ্য আগামী দুই দিনের মধ্যে জানানো হবে বলে জানান মো. মাজহারুল হক।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে