×
ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ

২০২৬ অক্টোবর ০৭ ১৯:২৫:২০
শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে দীর্ঘদিন ধরে নতুন কোম্পানি তালিকাভুক্ত না হওয়ায় বাজারে নতুন বিনিয়োগকারী ও মূলধন প্রবেশের সুযোগ কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ইফতেখার আলম। তিনি দ্রুত ভালো ও সম্ভাবনাময় কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন।

বুধবার ‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ও সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

ইফতেখার আলম বলেন, শেয়ারবাজারে নতুন কোম্পানি আনার ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু গত প্রায় আড়াই বছর ধরে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে নতুন কোনো কোম্পানি তালিকাভুক্ত না হওয়ায় বাজারে নতুন বিনিয়োগকারী ও মূলধন প্রবেশের সুযোগ সীমিত হয়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দ্রুত নতুন কোম্পানি তালিকাভুক্তির উদ্যোগ প্রয়োজন।

বিএমবিএ সভাপতি বলেন, ২০২৫ সালে ইস্যু অব ক্যাপিটাল রুলস পরিবর্তন করা হলেও কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আসতে উৎসাহিত করার মতো কিছু প্রণোদনার ঘাটতি রয়েছে। বিশেষ করে কোম্পানির মূল্যায়ন ও শেয়ারদর নির্ধারণের বিদ্যমান ব্যবস্থায় কিছু অসামঞ্জস্য থাকায় অনেক প্রতিষ্ঠান তালিকাভুক্তির বিষয়ে আগ্রহ হারাচ্ছে।

তার মতে, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির কর ব্যবস্থার পার্থক্যও অনেক প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে আসতে যথেষ্ট উৎসাহিত করছে না। পাশাপাশি তালিকাভুক্তির পর করপোরেট গভর্ন্যান্স ও কমপ্লায়েন্স-সংক্রান্ত বিভিন্ন শর্ত সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যালোচনা করা প্রয়োজন।

ইফতেখার আলম বলেন, দেশের অধিকাংশ কোম্পানি পরিবারনির্ভর। ফলে শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে কী ধরনের সুবিধা পাওয়া যায়, সে বিষয়ে অনেক প্রতিষ্ঠানের মধ্যে এখনো পর্যাপ্ত ধারণা তৈরি হয়নি। এমনকি অনেক কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা, কোম্পানি সেক্রেটারি ও সংশ্লিষ্ট কর্মকর্তার মধ্যেও তালিকাভুক্তির বিষয়ে অনাগ্রহ রয়েছে।

তবে বর্তমান কমিশন শেয়ারবাজারে নতুন কোম্পানি আনার বিষয়ে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। মার্চেন্ট ব্যাংকারদের পক্ষ থেকে নিয়ম ও নীতিমালা পরিবর্তনের যেসব প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়ন হবে বলেও আশা প্রকাশ করেন বিএমবিএ সভাপতি।

তিনি জানান, শুধু আইপিও নয়, সরাসরি তালিকাভুক্তির সুযোগও পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১০ সাল থেকে বন্ধ থাকা ডিরেক্ট লিস্টিংয়ের সুযোগ সম্প্রতি উন্মুক্ত করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একটি খসড়া ডিরেক্ট লিস্টিং প্রবিধান তৈরি করেছে। এটি দ্রুত কার্যকর হলে নতুন কোম্পানির তালিকাভুক্তির পথ আরও সহজ হতে পারে।

এ ছাড়া ‘অফার ফর সেল’ বা হাইব্রিড পদ্ধতিতে তালিকাভুক্তির সুযোগ চালু করায় বিএসইসিকে ধন্যবাদ জানান ইফতেখার আলম। তার ভাষ্য, এমন অনেক কোম্পানি রয়েছে যাদের নতুন করে মূলধন সংগ্রহের প্রয়োজন নেই, কিন্তু শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার আগ্রহ রয়েছে। অফার ফর সেল ও ডিরেক্ট লিস্টিংয়ের মতো পদ্ধতি এসব প্রতিষ্ঠানের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে।

তিনি বলেন, বহুজাতিক কোম্পানিসহ বড় অনেক স্থানীয় প্রতিষ্ঠানের নতুন অর্থের প্রয়োজন না থাকলেও শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার আগ্রহ রয়েছে। আগে এসব প্রতিষ্ঠানের জন্য পর্যাপ্ত সুযোগ ছিল না। নতুন তালিকাভুক্তি পদ্ধতিগুলো কার্যকর হলে তাদের বাজারে আসার পথ সহজ হতে পারে।

ইফতেখার আলমের মতে, নতুন কোম্পানি তালিকাভুক্ত না হলে বাজারে নতুন বিনিয়োগকারী ও অর্থ প্রবেশের সুযোগও কমে যায়। একটি ভালো আইপিও বাজারে এলে এর সঙ্গে নতুন বিনিয়োগকারী এবং নতুন মূলধন যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ফলে শেয়ারবাজারে লেনদেন ও বিনিয়োগ বাড়াতে নিয়মিতভাবে ভালো কোম্পানি তালিকাভুক্ত করা জরুরি।

গত কয়েক বছরে বিভিন্ন কোম্পানি আর্থিক সংকটে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানকে শেয়ারবাজারের মাধ্যমে মূলধন সংগ্রহের সুযোগ দেওয়া প্রয়োজন। এতে কোম্পানিগুলো তাদের মূলধন কাঠামো পুনর্বিন্যাসের পাশাপাশি ঋণের ওপর নির্ভরশীলতাও কমাতে পারবে।

শেয়ারবাজারের গভীরতা বাড়াতেও নতুন কোম্পানি তালিকাভুক্তির ওপর গুরুত্ব দেন বিএমবিএ সভাপতি। তার মতে, বাজারের মোট বাজারমূলধন বাড়াতে ভালো ও সম্ভাবনাময় কোম্পানিকে তালিকাভুক্ত করতে হবে। পাশাপাশি একাধিক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির সুযোগসহ নতুন উদ্যোগগুলো বাস্তবায়ন করা গেলে বাজারের পরিধি আরও বাড়তে পারে।

প্রস্তাবিত নতুন বিধিবিধান কার্যকর হলে কোম্পানিগুলোর সামনে শেয়ারবাজারে আসার সুযোগ ও বিকল্প বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে দীর্ঘদিনের তালিকাভুক্তি-স্থবিরতা কাটিয়ে বাজারে নতুন কোম্পানি, বিনিয়োগকারী ও মূলধন প্রবেশের সুযোগ তৈরি হতে পারে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে