×
ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক

২০২৬ অক্টোবর ০৬ ০৯:৩১:৪৭
৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তা জোরদার ও প্রযুক্তিগত উন্নয়নের অংশ হিসেবে কিউক্যাশ নেটওয়ার্কের আওতাধীন ৩০টি বাণিজ্যিক ব্যাংকের কার্ড, এটিএম ও পিওএস সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে এত বড় পরিসরে গুরুত্বপূর্ণ আর্থিক সেবা বন্ধ করার আগে বাংলাদেশ ব্যাংককে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে জানা গেছে। গ্রাহকদেরও আগাম কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।

রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে এসব সেবা বন্ধ রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত এ অচলাবস্থা চলার কথা। ফলে কিউক্যাশ নেটওয়ার্কের আওতাধীন এটিএম বুথ, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম), কার্ড ও পিওএস ব্যবহার করে লেনদেন করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকরা।

বাংলাদেশ ব্যাংক সূত্রের বরাতে জানা গেছে, কিউক্যাশ নেটওয়ার্কের আধুনিকায়ন ও সিস্টেম মাইগ্রেশনের কারিগরি কাজের কারণে সেবাগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে একসঙ্গে ৩০টি ব্যাংকের গুরুত্বপূর্ণ সেবা বন্ধের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংককে আগে থেকে না জানানোয় অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে সিস্টেম মাইগ্রেশনের প্রয়োজন হতে পারে। তবে এত বড় ধরনের কার্যক্রম শুরুর আগে কেন্দ্রীয় ব্যাংককে আনুষ্ঠানিকভাবে অবহিত করা এবং গ্রাহকদের আগাম জানানো প্রয়োজন ছিল। বিষয়টি গভর্নরও গুরুত্বের সঙ্গে নিয়েছেন বলে জানান তিনি।

সেবা বন্ধ হওয়ার পর কয়েকটি ব্যাংক অবশ্য গ্রাহকদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে বিষয়টি জানিয়েছে। সেখানে জানানো হয়, ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত কিউক্যাশ নেটওয়ার্কের আওতাধীন নির্দিষ্ট কার্ড ও লেনদেন সেবা বন্ধ থাকবে।

তবে ব্যাংকগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, বিকল্প ব্যবস্থায় গ্রাহকদের অনেক লেনদেন চালু রয়েছে। অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএসের পাশাপাশি বাংলা কিউআর এবং বিকাশ, নগদ, রকেট, ট্যাপ ও উপায়ের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে লেনদেন করা যাচ্ছে।

ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, কিউক্যাশ নেটওয়ার্কের মাইগ্রেশন ও সংশ্লিষ্ট কারিগরি কাজ শেষ হলে বন্ধ থাকা সেবাগুলো স্বাভাবিক হয়ে যাবে। তবে আগাম ঘোষণা ছাড়া একসঙ্গে ৩০টি ব্যাংকের কার্ড ও এটিএমসেবা কয়েক দিন বন্ধ থাকায় গ্রাহকদের মধ্যে ভোগান্তি ও বিভ্রান্তি তৈরি হয়েছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, গুরুত্বপূর্ণ ডিজিটাল ব্যাংকিং সেবা দীর্ঘ সময় বন্ধ থাকলে শুধু তাৎক্ষণিক লেনদেনে সমস্যা নয়, গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার ওপর আস্থাতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ বা সিস্টেম মাইগ্রেশনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গ্রাহকদের যথাসময়ে জানানো প্রয়োজন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে