×
ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা

২০২৬ অক্টোবর ০৪ ১২:২১:৪৭
ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মানুষের গড় আয়ু ভারত ও পাকিস্তানের মানুষের তুলনায় বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৭ বছর। একই সময়ে ভারতের গড় আয়ু ছিল ৭১ বছর এবং পাকিস্তানের ৬৮ দশমিক ২ বছর।

গত শুক্রবার (২ অক্টোবর) নতুন এ তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার এই তিন দেশের মধ্যে বাংলাদেশের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি।

তবে গড় আয়ু বেশি হওয়া মানেই মানুষ দীর্ঘ সময় সুস্থভাবে জীবনযাপন করছেন—এমনটা নয়। মানুষের মোট প্রত্যাশিত আয়ুর তুলনায় সুস্থভাবে বেঁচে থাকার সময় কম হতে পারে। ফলে শুধু গড় আয়ু নয়, মানুষের সুস্থ জীবনযাপনের সময়কেও জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা হয়।

অন্যদিকে উত্তর আমেরিকার কয়েকটি দেশে মানুষের গড় আয়ু বাংলাদেশের তুলনায় আরও বেশি। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু ছিল ৭৮ দশমিক ৫ বছর। কানাডায় এ হার ছিল ৮১ দশমিক ৪ বছর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ২০২৩ সালে বৈশ্বিক গড় আয়ু প্রায় মহামারির আগের অবস্থানে ফিরে এসেছে। ওই বছর বিশ্বে মানুষের গড় আয়ু দাঁড়ায় ৭৩ দশমিক ৩ বছর। ২০১৯ সালে বৈশ্বিক গড় আয়ু ছিল ৭৩ দশমিক ৪ বছর।

২০১৯ সালের শেষ দিকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু কমতে থাকে। বিশেষ করে ২০২১ সালে মহামারির প্রভাব সবচেয়ে বেশি দৃশ্যমান হয়। ওই বছর বৈশ্বিক গড় আয়ু কমে ৭১ দশমিক ৫ বছরে নেমে আসে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাটা ডিপার্টমেন্টের প্রধান অ্যালাইন ল্যাবরিক বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধি জনস্বাস্থ্যের ক্ষেত্রে একটি বড় অর্জন। তবে এখন বড় চ্যালেঞ্জ হলো মানুষ যাতে শুধু বেশি বছর নয়, সুস্থ শরীরেও দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে