×
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস

২০২৬ সেপ্টেম্বর ২৮ ১০:০৪:০৪
বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস

নিজস্ব প্রতিবেদক: নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে কাঠমান্ডুতে এক সতর্কবার্তায় দূতাবাস এ আহ্বান জানায়। এতে নেপালে অবস্থানরত ও দেশটিতে ভ্রমণের পরিকল্পনা করা বাংলাদেশি নাগরিকদের আবহাওয়ার পূর্বাভাস, সড়ক যোগাযোগ এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে তুষারপাতের কারণে কোথাও কোথাও সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় দুর্গম অঞ্চলে যাতায়াত কঠিন হয়ে পড়েছে। যোগাযোগব্যবস্থা বিঘ্নিত থাকায় জরুরি উদ্ধার কার্যক্রমও জটিল হয়ে উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এরই মধ্যে নেপালের কর্তৃপক্ষ মানাংয়ের বিভিন্ন এলাকায় ট্রেকিং কার্যক্রম স্থগিত করেছে। এর মধ্যে তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা ও ভীমথাং উল্লেখযোগ্য। এসব এলাকায় ভ্রমণের পরিকল্পনা থাকলে স্থানীয় কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ এবং আশপাশের ট্রেকিং গন্তব্যে যাতায়াত ব্যাহত হওয়ায় পোখারা ও এর পার্শ্ববর্তী এলাকাতেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মুস্তাং, জমসম ও অন্যান্য পার্বত্য এলাকায় যাওয়ার আগে গান্দাকি প্রদেশের সড়ক পরিস্থিতি সম্পর্কে পর্যাপ্ত তথ্য জেনে নেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস। কারণ বৃষ্টিপাতের কারণে এসব এলাকার সড়ক যোগাযোগ দ্রুত পরিবর্তিত হতে পারে।

বাংলাদেশি নাগরিকদের অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলসহ বিভিন্ন পাহাড়ি ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ বা ভ্রমণের পরিকল্পনা থাকলে আগে থেকেই আবহাওয়া ও যোগাযোগ পরিস্থিতি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নেপাল সরকার ও স্থানীয় প্রশাসনের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে থাকার পাশাপাশি নদীর তীর ও ভূমিধসের আশঙ্কা রয়েছে—এমন এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। কোথাও যাওয়ার আগে সড়ক ও আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি যাচাই এবং ট্রাভেল অপারেটর ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে আরও হালনাগাদ তথ্য ও নির্দেশনা প্রকাশ করা হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে