×
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমানের স্টুডিও হামলা নিয়ে ফেসবুকে পাটওয়ারীর বিস্ফোরক মন্তব্য

২০২৬ সেপ্টেম্বর ২৭ ০৮:৩১:০৩
সালমানের স্টুডিও হামলা নিয়ে ফেসবুকে পাটওয়ারীর বিস্ফোরক মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগের ঘটনায় মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি ঘটনাটিকে চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে যুক্ত করে এর নিন্দা জানিয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, জুলাইয়ের কঠিন সময়ে যখন অনেকেই নীরব ছিলেন, তখন সালমান মুক্তাদির প্রকাশ্যে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও আশ্রয়ের দায়িত্ব নেওয়ার কথাও তিনি বলেছিলেন বলে উল্লেখ করেন পাটওয়ারী।

পাটওয়ারী তার পোস্টে প্রশ্ন তোলেন, রাজনৈতিক পরিবর্তনের পরও যদি একজন নাগরিককে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয় নিয়ে চলতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী। তিনি বলেন, এক ধরনের নিপীড়ন থেকে মুক্ত হয়ে আরেক ধরনের নিপীড়নের মুখোমুখি হওয়ার জন্য মানুষ জুলাইয়ে দাঁড়ায়নি।

পোস্টের শেষ দিকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার নিন্দা জানান এনসিপির এই নেতা। একই সঙ্গে দেশকে চাঁদাবাজ, সন্ত্রাসী ও জালিমদের হাত থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সালমান মুক্তাদিরের অভিযোগ, বিএনপির লোকজন তার কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর প্রতিশোধ হিসেবে স্টুডিওতে হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি। তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট কোনো পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার পর প্রকাশিত একটি ভিডিওতে সালমান মুক্তাদিরকে বিএনপির কর্মীদের উদ্দেশে চাঁদাবাজির অভিযোগ তুলতে শোনা যায়। আরেকটি ভিডিওতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ করে স্টুডিওতে হামলার বিষয়টি তুলে ধরেন এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

স্টুডিওর এক কর্মকর্তার ভাষ্য, রাত সাড়ে ১০টার দিকে প্রায় ১০০ থেকে ১৫০ জনের একটি দল হঠাৎ স্টুডিওতে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। তার দাবি, হামলাকারীদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল। পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠলে স্টুডিওতে থাকা কর্মকর্তারা টয়লেটে গিয়ে আশ্রয় নেন। পরে হামলাকারীরা সেখানে গিয়েও অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় স্টুডিওর বিভিন্ন যন্ত্রপাতি ও কাজের উপকরণও নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। সালমান মুক্তাদির জানিয়েছেন, স্টুডিওতে বিভিন্ন ক্লায়েন্টের শুটিংয়ের ফুটেজ ও সরঞ্জাম রাখা ছিল। এসব ক্ষতিগ্রস্ত বা নিয়ে যাওয়া হওয়ায় আর্থিক ক্ষতির পরিমাণ বড় হতে পারে বলে ধারণা করছেন তিনি।

তবে হামলার সঙ্গে কারা সরাসরি জড়িত এবং ঘটনার প্রকৃত কারণ কী—তা এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়নি। ফলে সালমান মুক্তাদিরের বিএনপির লোকজনের বিরুদ্ধে করা অভিযোগ এবং হামলার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে