×
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

লঞ্চের সর্বনিম্ন ভাড়া জানালেন নৌপরিবহন মন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ২৩ ১৭:৪৪:৪৯
লঞ্চের সর্বনিম্ন ভাড়া জানালেন নৌপরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের দাম বাড়ার পর নৌপথে যাত্রীবাহী লঞ্চের সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই সর্বনিম্ন ভাড়া ১০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য প্রযোজ্য হবে। ১০ কিলোমিটারের বেশি দূরত্বে যাত্রীদের নির্ধারিত কিলোমিটারভিত্তিক ভাড়া দিতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে লঞ্চের ভাড়া সমন্বয় নিয়ে মালিকদের সঙ্গে বৈঠক করেন নৌপরিবহন মন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, লঞ্চে এখন সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ভাড়ার জন্য নির্ধারিত দূরত্ব ১০ কিলোমিটার। এরপর যাত্রী যে দূরত্ব অতিক্রম করবেন, সেই অনুযায়ী কিলোমিটারভিত্তিক ভাড়া যুক্ত হবে।

জ্বালানি তেলের দাম বাড়ার পর নৌযান পরিচালনার ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি সামনে এসেছে। বিশেষ করে জ্বালানি খরচ বৃদ্ধির পাশাপাশি নৌযানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয়ও মালিকদের ওপর বাড়তি চাপ তৈরি করছে।

সড়কপথে সর্বনিম্ন ভাড়া না বাড়লেও নৌপথে কেন ভাড়া বাড়ানো হয়েছে—এমন প্রশ্নের জবাবে নৌপরিবহন মন্ত্রী বলেন, সড়ক ও নৌপথের যাত্রা এবং রক্ষণাবেক্ষণ ব্যয়ের ধরন এক নয়। ফলে দুই ধরনের পরিবহনের ভাড়া নির্ধারণেও পার্থক্য রয়েছে।

মন্ত্রী আরও বলেন, সড়কপথে অল্প দূরত্বে যাত্রী ওঠানামা করানো তুলনামূলকভাবে সম্ভব। কিন্তু নৌপথে সর্বনিম্ন ১০ কিলোমিটার দূরত্ব নির্ধারণ করা রয়েছে। এই কারণে সর্বনিম্ন ভাড়া কিছুটা বাড়ানো না হলে নৌযান মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন বলে তিনি জানান।

মালিকদের পক্ষ থেকে দেওয়া এই যুক্তি সরকার যৌক্তিক মনে করেছে বলেও জানান মন্ত্রী। সে কারণেই জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন লঞ্চভাড়া ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

নতুন ভাড়া কার্যকরের ফলে স্বল্প দূরত্বে নৌপথে যাতায়াতকারী যাত্রীদের খরচ কিছুটা বাড়বে। আর ১০ কিলোমিটারের বেশি যাত্রার ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়ার সঙ্গে নির্ধারিত কিলোমিটারভিত্তিক ভাড়া যোগ হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে