×
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ভাইরাল সেই শিক্ষক বিউটি রাণীর নতুন পরিচয়

২০২৬ সেপ্টেম্বর ২৩ ১৭:২৩:১৩
ভাইরাল সেই শিক্ষক বিউটি রাণীর নতুন পরিচয়

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গান ব্যবহার করে ভিডিও প্রকাশের পর আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল এবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

গত সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে এবার চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বিউটি রাণী পাল।

এ ছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিভিন্ন উপজেলা পর্যায়ের বাছাই প্রক্রিয়ার পর চারজন শিক্ষককে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বিউটি রাণী পাল এর আগে একটি ছোট ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। গত ২৩ জুলাই তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েক সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন।

ভিডিওতে নীল শাড়ি পরা অবস্থায় হালকা বাতাসে আঁচল উড়িয়ে হাঁটতে দেখা যায় তাকে। ব্যাকগ্রাউন্ডে ব্যবহৃত হয়েছিল জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ ভিডিওটির সমালোচনা করেন, আবার অনেকে তার পক্ষে অবস্থান নেন। সমালোচকদের একটি অংশ ভিডিওতে আপত্তিকর অঙ্গভঙ্গির অভিযোগ তোলে। তবে এ অভিযোগের সঙ্গে একমত না হয়ে শিক্ষক, লেখক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তার পাশে দাঁড়ান।

পরবর্তীতে ওই ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নধর্মী প্রতিবাদও দেখা যায়। অনেকে একই গান ব্যবহার করে ভিডিও প্রকাশের মাধ্যমে নিজেদের অবস্থান জানান।বিতর্ক ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার মধ্যেই বিউটি রাণী পাল পরে দেশবাসী, তার পরিবার এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার খবর প্রকাশের পর তাকে ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে। তবে শিক্ষা বিভাগের বাছাই প্রক্রিয়ায় তার নির্বাচন সামাজিক যোগাযোগমাধ্যমের ওই ভিডিওর কারণে হয়েছে—এমন কোনো তথ্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্ধৃতিতে পাওয়া যায়নি। এটি শিক্ষা বিভাগের নির্ধারিত বাছাই প্রক্রিয়ার ফল।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে