×
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুৎ খাতে বড় সুখবর, ২০০ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

২০২৬ সেপ্টেম্বর ২৩ ১৬:৫৩:৫৬
বিদ্যুৎ খাতে বড় সুখবর, ২০০ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ও এর আশপাশের দ্রুত বর্ধনশীল শিল্পাঞ্চল ও শহরতলিতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও আধুনিক, নির্ভরযোগ্য ও টেকসই করতে বাংলাদেশকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই অর্থে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) আওতাধীন ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) বিদ্যুৎ বিতরণ অবকাঠামো আধুনিকায়ন ও সংস্কার করা হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এডিবির ঢাকা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এডিবির ‘পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় অতিরিক্ত চাপের মধ্যে থাকা সাবস্টেশন সংস্কার, পুরোনো বিদ্যুৎ অবকাঠামো আধুনিকায়ন, সিস্টেম লস কমানো এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বিতরণব্যবস্থার সক্ষমতা বাড়ানো হবে। এর মাধ্যমে ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার কারণে তৈরি হওয়া নেটওয়ার্ক সংকট কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কিংফেন ঝাং বলেন, বাংলাদেশ একটি সমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার সময়ে নির্ভরযোগ্য বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ শিল্প ও আবাসিক গ্রাহকদের সেবা উন্নত করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখতে পারে।

প্রকল্পের আওতায় ৫২টি নতুন সাবস্টেশনে মোট ১ হাজার ১৫০ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার ক্ষমতার ট্রান্সফরমার স্থাপন করা হবে। একই সঙ্গে ১২টি বিদ্যমান সাবস্টেশনের ক্ষমতা আরও ১১৫ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা বাড়াতে ২ হাজার ৬০০ কিলোমিটারের বেশি ওভারহেড ও আন্ডারগ্রাউন্ড লাইন নির্মাণ ও সংস্কার করা হবে। এসব কাজে আধুনিক ইনসুলেটেড কন্ডাক্টর ব্যবহার করা হবে। পাশাপাশি দ্রুত বিদ্যুৎ লাইনের ত্রুটি শনাক্ত ও মেরামতের জন্য ৯০০টি আধুনিক ফল্ট লোকেটর স্থাপন করা হবে। নদী পারাপারের জন্য প্রয়োজনীয় টাওয়ার এবং আধুনিক সুইচিং স্টেশনও নির্মাণ করা হবে।

বাংলাদেশ ২০২২ সালে দেশব্যাপী শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্য অর্জন করলেও দ্রুত শিল্পায়ন ও নগরায়নের কারণে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ওপর চাপ বাড়ছে। নতুন প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার কারিগরি দক্ষতা বাড়ানোর পাশাপাশি পরিবেশগত দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এডিবির তথ্য অনুযায়ী, প্রকল্পের মাধ্যমে বছরে প্রায় ২ লাখ ৩ হাজার ৭৫১ টন কার্বন ডাই অক্সাইড সমপরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে সহায়তা করা হবে। এ জন্য প্রায় ১৪৬ দশমিক ৫২ মিলিয়ন ডলারের বিশেষ রেজিলিয়েন্স ফাইন্যান্সিংয়ের আওতায় পরিবেশবান্ধব গ্যাস-ইনসুলেটেড সুইচগিয়ার প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

শুধু বিদ্যুৎ অবকাঠামো নয়, প্রকল্পের আওতায় বিআরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগও থাকছে। ডিজিটাল সিস্টেম ইন্টিগ্রেশন, সাইবার নিরাপত্তা, জলবায়ু ঝুঁকি মোকাবিলা, পরিবেশ ও সামাজিক সুরক্ষা এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর আর্থিক ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ভবিষ্যতে বিদ্যুৎ বিতরণ খাতে বেসরকারি বিনিয়োগ আকর্ষণের পরিবেশ তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে। প্রকল্পে নারীদের কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রে তাদের জন্য উপযোগী পরিবেশ তৈরির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

প্রকল্পটির অর্থায়নে এডিবির ২০০ মিলিয়ন ডলারের ঋণের পাশাপাশি বাংলাদেশ সরকার ১০৭ দশমিক ৯৫ মিলিয়ন ডলার এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ১৪১ দশমিক ৩৯ মিলিয়ন ডলার দেবে। এ ছাড়া কোরিয়া ই-এশিয়া অ্যান্ড নলেজ পার্টনারশিপ ফান্ড থেকে ১ মিলিয়ন ডলার অনুদান সহায়তা পাওয়া যাবে।

সংশ্লিষ্টদের আশা, ঢাকা ও এর আশপাশের শিল্প ও আবাসিক এলাকায় বিদ্যুৎ বিতরণ অবকাঠামোর সক্ষমতা বাড়ানোর ফলে বিদ্যুৎ সরবরাহ আরও নির্ভরযোগ্য হবে। একই সঙ্গে শিল্পায়ন, কর্মসংস্থান ও বিনিয়োগের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ অবকাঠামো শক্তিশালী করতে প্রকল্পটি ভূমিকা রাখবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে