×
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

দরপতন শেষে উত্থান, বিনিয়োগকারীদের সামনে মুনাফার সুযোগ

২০২৬ সেপ্টেম্বর ২৩ ১৪:৪৫:২৫
দরপতন শেষে উত্থান, বিনিয়োগকারীদের সামনে মুনাফার সুযোগ

নিজস্ব প্রতিবেদক : টানা দরপতনের কারণে সাম্প্রতিক সময়ে কিছুটা চাপের মধ্যে থাকলেও আবারও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে দেশের শেয়ারবাজার। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার পাশাপাশি লেনদেন ও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বাড়ায় বাজারে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক দরপতনের সময়ে তুলনামূলক কম দামে কেনা ভালো মৌলভিত্তির শেয়ারগুলো থেকে বাজার ঘুরে দাঁড়ালে বিনিয়োগকারীদের মুনাফা করার সুযোগ তৈরি হতে পারে।

গত সোমবার স্বাভাবিক দর সংশোধনের পর মঙ্গলবার সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছিল। এর পর আজ (২৩ সেপ্টেম্বর) সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বাড়ার পাশাপাশি টাকার অংকে লেনদেনও বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, বাজারে ধারাবাহিক দরপতন সবসময় নেতিবাচক নয়। এর একটি ইতিবাচক দিকও রয়েছে। কারণ দরপতনের সময়ে ভালো অনেক শেয়ার তুলনামূলক কম দামে কেনার সুযোগ তৈরি হয়। পরবর্তী সময়ে বাজারে উত্থান দেখা দিলে এসব শেয়ার বিক্রি করে উল্লেখযোগ্য মুনাফা করা সম্ভব।

তাদের মতে, আজকের বাজারে যে ইতিবাচক প্রবণতা দেখা গেছে, তা অব্যাহত থাকলে সাম্প্রতিক পতনের সময়ে কেনা শেয়ার থেকে বিনিয়োগকারীদের ভালো মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে বাজারের এই ইতিবাচক ধারা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার মনিটরিং আরও জোরদার করার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ইতিবাচক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসইর তিন সূচকই ঊর্ধ্বমুখী

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৬ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইর অন্য দুই সূচকের মধ্যেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ডিএসইএস সূচক ১০ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৯ দশমিক ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ১৬ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২২ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৪৬টির শেয়ারদর বেড়েছে, ১০২টির দর কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেন বেড়েছে ৫৩ কোটি টাকার বেশি

সূচকের পাশাপাশি ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। বুধবার ডিএসইতে প্রায় ৮৪৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এর আগের দিন মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭৯১ কোটি ৪৮ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় বুধবার লেনদেন বেড়েছে প্রায় ৫৩ কোটি ২১ লাখ টাকা।

সিএসইতেও সূচক ও লেনদেনে উত্থান

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বুধবার লেনদেনে ইতিবাচক চিত্র দেখা গেছে।

এদিন সিএসইতে মোট ২৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন মঙ্গলবার সিএসইতে লেনদেন হয়েছিল ১৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

বুধবার সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে ১০১টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ৫৮টির দর কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৯১ দশমিক ৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন সিএএসপিআই ৬ দশমিক ৩৫ পয়েন্ট কমেছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে