×
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চার প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা

২০২৬ সেপ্টেম্বর ২২ ১৮:১৭:১১
চার প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার, ক্ষতিকর রং ও কেমিক্যাল বিক্রি এবং পণ্যের উৎস সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে চার প্রতিষ্ঠানকে মোট ৮৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পাহাড়তলী বাজার ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের কর্মকর্তারা অভিযানে অংশ নেন।

অভিযানে সবচেয়ে বেশি জরিমানা করা হয় পাহাড়তলী এলাকার লোকনাথ ফুড প্রোডাক্টসকে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপরিচ্ছন্ন পরিবেশে চানাচুর, বুট ভাজাসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি খাদ্য তৈরিতে পোড়া তেল ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া পাহাড়তলী বাজারের মেসার্স কাউসার এন্টারপ্রাইজকে খাদ্যদ্রব্যে ব্যবহারের জন্য ক্ষতিকর কেওড়া জল বিক্রির অভিযোগে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই বাজারের ফেনী স্টোরকে ক্ষতিকর রং মিশ্রিত কাশ্মীরি মরিচ বিক্রির অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, আর এন সুপার বাঘাবাড়িকে তৃতীয় পক্ষের কাছ থেকে সংগ্রহ করা ঘি নিজেদের উৎপাদিত পণ্য হিসেবে বিক্রির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটি বাঘাবাড়ির ঘি নিজেদের মোড়কে প্যাকেটজাত করে বিক্রি করছিল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে পণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, খাদ্যপণ্যের উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে অনিয়ম এবং ভোক্তাদের বিভ্রান্ত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে