×
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি

২০২৬ সেপ্টেম্বর ২১ ১৪:১৩:২৫
ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনের পদত্যাগ দাবি করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। দায়িত্ব গ্রহণের তিন মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন, চলমান মামলাগুলোর অগ্রগতি এবং প্রশাসকের আওতাধীন বিভিন্ন বিষয়ে কার্যকর সমাধান না আসায় এ দাবি জানিয়েছে সংগঠনটি।

একই সঙ্গে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে দ্রুত একটি পূর্ণাঙ্গ ও কার্যকর পরিচালনা পর্ষদ গঠনে বাংলাদেশ ব্যাংকের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে ফোরাম।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক নুর নবী মানিক। কর্মসূচিতে ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডার, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও সাধারণ আমানতকারীরা অংশ নেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক নুর নবী মানিক অভিযোগ করেন, প্রশাসক দায়িত্ব নেওয়ার পর চলমান মামলাগুলো চূড়ান্ত পর্যায়ে নিয়ে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার কথা থাকলেও তিন মাসের বেশি সময় পার হওয়ার পরও এ ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দৃশ্যমান হয়নি। ব্যাংকের বিদ্যমান সমস্যাগুলো সমাধানেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

নুর নবী মানিক আরও বলেন, প্রশাসকের এখতিয়ারভুক্ত বেশ কিছু বিষয় বাংলাদেশ ব্যাংকের নতুন কোনো নির্দেশনা ছাড়াই সমাধান করার সুযোগ ছিল। কিন্তু এসব ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং বাংলাদেশ ব্যাংকের দোহাই দিয়ে বিভিন্ন বিষয় কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করার মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মোহাম্মদ জহির হোসেনের পদত্যাগ দাবি করে তিনি বলেন, প্রশাসকের এখতিয়ারের মধ্যে থাকা বিষয়গুলো যদি সমাধান না হয় এবং ইসলামী ব্যাংককে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা না থাকে, তাহলে তাঁর দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত। গ্রাহকদের পক্ষ থেকে ব্যর্থতার দায় স্বীকার করে তাঁকে তাঁর নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান নুর নবী মানিক।

তিন মাসেও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন হয়নি

গত ১৪ জুন ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব সদস্যের নিয়োগ বাতিল করে বাংলাদেশ ব্যাংক। একই সময়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্ব নেওয়ার পর জহির হোসেন জানিয়েছিলেন, ব্যাংকের প্রাতিষ্ঠানিক সুশাসন আরও শক্তিশালী করা এবং আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে একটি নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠনের উদ্যোগ নেওয়া হবে।

তবে দায়িত্ব গ্রহণের তিন মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি না থাকায় প্রশ্ন তুলেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সংগঠনটির মতে, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ও সুশাসন নিশ্চিত করার জন্য দ্রুত একটি পূর্ণাঙ্গ এবং স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করা জরুরি।

সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করে ইসলামী ব্যাংকের জন্য একটি কার্যকর পরিচালনা পরিষদ গঠনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ব্যাংকের মালিকানা, ঋণ অনিয়ম, লুণ্ঠিত অর্থ উদ্ধার, চলমান মামলা এবং সুশাসন প্রতিষ্ঠার বিষয়েও বিভিন্ন দাবি উত্থাপন করে ফোরাম।

পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা

সম্প্রতি ইসলামী ব্যাংককে কেন্দ্র করে গ্রাহক ও চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। ওই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছিল বাংলাদেশ ব্যাংক।

এদিকে সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংককে ঘিরে অপপ্রচারের অভিযোগও তোলা হয়। ফোরামের নেতারা দাবি করেন, একটি পক্ষ নিজেদের লোকজনকে ব্যবহার করে ব্যাংকের ভেতরে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

তাদের আরও অভিযোগ, আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়ে যাওয়া বিষয়গুলোও নতুন করে চাপ সৃষ্টি করে সামনে আনার চেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা বিভিন্ন জায়গা থেকে অর্থসহায়তা পেয়েছেন—এমন তথ্য বিভিন্ন সূত্রে পাওয়া গেছে বলেও দাবি করেন ফোরামের নেতারা। তবে সংবাদ সম্মেলনে এ দাবির সমর্থনে কোনো নির্দিষ্ট নথি বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।

ফোরামের নেতারা বলেন, ইসলামী ব্যাংকের সঙ্গে বিপুলসংখ্যক গ্রাহকের আমানত ও আর্থিক নিরাপত্তার বিষয়টি সরাসরি সম্পৃক্ত। ফলে ব্যাংকের পরিচালনায় দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তা থাকা উচিত নয়। এ অবস্থায় দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম আরও শক্তিশালী করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

অন্যদিকে, ইসলামী ব্যাংকের প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর মোহাম্মদ জহির হোসেন জানিয়েছিলেন, ব্যাংকের জন্য সম্পূর্ণ নিরপেক্ষ একটি পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে গ্রাহকদের ব্যাংকিং সেবা যাতে নিরবচ্ছিন্ন থাকে, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে