×
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ

২০২৬ সেপ্টেম্বর ২১ ১১:৫২:০৯
অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে গ্রেপ্তার প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম তুহিন একসময় অপ্রতিমের বাবার মোবাইল ফোনের দোকানে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

পুলিশ সুপার জানান, অপ্রতিম হত্যাকাণ্ডের তদন্তে এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সাইফুল ইসলাম তুহিনের বয়স ১৯ বছর। অন্য দুজন অপ্রাপ্তবয়স্ক। এ ছাড়া মো. সিয়াম নামে ১৯ বছর বয়সি আরও একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে কিনা, তা যাচাই করা হচ্ছে।

পুলিশ সুপার বলেন, প্রায় দেড় বছর আগে কুমিল্লার কোটবাড়ি এলাকায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের মোবাইল ফোন বিক্রির একটি দোকান ছিল। ওই দোকানে তুহিন কর্মচারী হিসেবে কাজ করতেন। তুহিন ও অপ্রতিমদের বাড়িও একই এলাকায় ছিল বলে জানান তিনি।

তবে শুধু দোকানে চাকরি করার কারণেই হত্যাকাণ্ড ঘটেছে কিনা, সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ সুপার। বিষয়টি তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে বলেও জানান তিনি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে ৬টার মধ্যে লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় অপ্রতিমের আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

এ সময় অপ্রতিমের সঙ্গে অভিযুক্তদের ধস্তাধস্তি হয় বলে দাবি পুলিশের। একপর্যায়ে তুহিন লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করেন। পরে ফাহাদ ও কামরুলও তাকে লাঠি দিয়ে আঘাত করেন বলে পুলিশ জানিয়েছে।পুলিশের দাবি, অপ্রতিমের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার আইফোন নিয়ে তুহিন, ফাহাদ ও কামরুল ঘটনাস্থল থেকে চলে যায়।

অপ্রতিম হত্যাকাণ্ডে কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা রয়েছে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, অপ্রতিমের সঙ্গে অভিযুক্তদের বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

তিনি বলেন, হত্যাকাণ্ডে অভিযুক্তদের কেউ অপ্রতিমের সহপাঠী নয়। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়া অথবা অনিয়মিত শিক্ষার্থী বলে পুলিশ জানতে পেরেছে।

তবে অভিযুক্তদের সঙ্গে অপ্রতিমের পূর্বপরিচয় এবং তাদের সম্পর্কের প্রকৃতি হত্যাকাণ্ডের সঙ্গে কীভাবে যুক্ত ছিল, তা তদন্তের বিষয় বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, ১৮ সেপ্টেম্বর দুপুরে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল অপ্রতিম। এরপর সে নিখোঁজ হয়।

নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে মামলা করেছেন। হত্যাকাণ্ডের কারণ, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা এবং আটক সিয়ামের ভূমিকা কী—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে