×
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক

২০২৬ সেপ্টেম্বর ২১ ১১:৪২:০১
পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চার স্বাধীন পরিচালকের পদত্যাগের ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের কোনো হস্তক্ষেপ ছিল না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যাংকটির দাবি, বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ীই সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হয়েছে।

চার স্বাধীন পরিচালকের পদত্যাগের ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এর জবাবে ১৫ সেপ্টেম্বর ব্যাংক কর্তৃপক্ষ সিএসইকে লিখিতভাবে বিষয়টি জানায়। সোমবার (২১ সেপ্টেম্বর) সিএসইর ওয়েবসাইটে ব্যাংকের দেওয়া সেই তথ্য প্রকাশ করা হয়।

ব্যাংক কর্তৃপক্ষের ব্যাখ্যা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োগ দেওয়া স্বাধীন পরিচালকদের মেয়াদ, মেয়াদ শেষ হওয়া বা প্রত্যাহারের সঙ্গে পদত্যাগের বিষয়টি সম্পর্কিত। এ ক্ষেত্রে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নিজস্ব কোনো নীতিগত সিদ্ধান্ত বা হস্তক্ষেপ ছিল না বলে দাবি করা হয়েছে।

ব্যাংকের চিঠিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট নির্দেশনার সঙ্গে সম্পর্কিত। ওই নির্দেশনার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটির বিদ্যমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে পাঁচজন স্বাধীন পরিচালক নিয়োগ দিয়েছিল।

পাঁচ স্বাধীন পরিচালকের মধ্যে চারজন পরবর্তী সময়ে পদত্যাগ করেন। তারা হলেন—বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. শাহীন উল ইসলাম, এনআরবি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল ওয়াদুদ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ আশরাফুল হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আবু ইউসুফ।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালকদের পদত্যাগের বিষয়ে ব্যাংকের কোনো হস্তক্ষেপ বা নিজস্ব সিদ্ধান্ত ছিল না। বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সব সিদ্ধান্ত ও নির্দেশনা তারা পরিপালন করে আসছে।

চার পরিচালকের পদত্যাগের ঘটনায় সিএসইর পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষের দেওয়া বক্তব্যের মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করা হয়েছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে