×
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন

২০২৬ সেপ্টেম্বর ২১ ১০:০৬:২১
যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ঘিরে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এবং সৌদি আরব থেকে তেল সরবরাহ আংশিকভাবে স্বাভাবিক হওয়ার খবরে সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি কমেছে। এতে উভয় ধরনের তেলের দাম ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইরান যুদ্ধের উত্তেজনা কমাতে চলতি সপ্তাহে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হতে পারে—এমন প্রত্যাশা তেলের বাজারে প্রভাব ফেলেছে। বিনিয়োগকারীরা একই সঙ্গে সৌদি আরব থেকে তেল সরবরাহ আংশিকভাবে স্বাভাবিক হওয়ার বিষয়টিও বিবেচনায় নিয়েছেন। এসব কারণে তেলের দামে সাম্প্রতিক যে ঝুঁকি ও বাড়তি চাপ তৈরি হয়েছিল, তার একটি অংশ কমে এসেছে।

সোমবার বাংলাদেশ সময় সকাল সোয়া ৮টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৭১ ডলারে নেমে আসে। আগের দিনের তুলনায় এটি ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ০৮ শতাংশ কম। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম কমেছে ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ। এতে ডব্লিউটিআইয়ের প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় ৯৮ দশমিক ১৫ ডলার।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের উত্তেজনা কমাতে চলতি সপ্তাহে কূটনৈতিক উদ্যোগ আসতে পারে—এমন প্রত্যাশায় তেলের দামে বিদ্যমান ঝুঁকির একটি অংশ কমে যাচ্ছে বলে মনে হচ্ছে। তবে এই কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা বাস্তবে কতটা কার্যকর হবে, তা সময়ই বলে দেবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে। সর্বশেষ জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, শনিবার ও রোববার মিলিয়ে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে মোট ১২টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। এর আগের সপ্তাহান্তে এই সংখ্যা ছিল ৩৫টি। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল প্রায় দুই-তৃতীয়াংশ কমেছে।

তবে সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী শান্তি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। পাশাপাশি ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধও অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছিল, হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতি এখনো গুরুতর। গত তিন দিনে এই সমুদ্রপথে জাহাজে অন্তত তিনটি হামলার খবর পাওয়া গেছে। ফলে কূটনৈতিক সমাধানের সম্ভাবনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সরবরাহ ও পরিবহন ঝুঁকি এখনো বাজারের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে।

বিশ্ববাজারে তেলের দাম কমার ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিললেও যুদ্ধ, অবরোধ, হরমুজ প্রণালির নিরাপত্তা এবং সৌদি আরবের সরবরাহ পরিস্থিতির ওপরই আগামী দিনে দামের গতিপথ অনেকটা নির্ভর করবে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে