×
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

১৩ সিটে একক লড়াইয়ের ছক জামায়াতের, থাকছেন যেসব হেভিওয়েট

২০২৬ সেপ্টেম্বর ১৩ ০৬:০২:০২
১৩ সিটে একক লড়াইয়ের ছক জামায়াতের, থাকছেন যেসব হেভিওয়েট

নিজস্ব প্রতিবেদক : দেশের ১৩টি সিটি করপোরেশন নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংশ্লিষ্ট মহানগর ও স্থানীয় জামায়াতের সুপারিশ এবং দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে এসব সিটিতে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে বেশ কয়েকজনের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

রাজধানীর দুই সিটি করপোরেশন থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ ও বগুড়া—এই ১৩ সিটে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে রয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ এবং ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির মাধ্যমে খাল পরিষ্কারের উদ্যোগসহ বিভিন্ন কার্যক্রমে এরই মধ্যে তিনি আলোচনায় এসেছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতের প্রথম পছন্দ হিসেবে আলোচনায় রয়েছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে তরুণদের মধ্যে তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দক্ষিণ সিটিতে তরুণ ভোটারদের সমর্থন আদায়ের পরিকল্পনা করছে দলটি।

চট্টগ্রাম সিটি করপোরেশনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নাম চূড়ান্ত করা হয়েছে। তিনি নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক কাউন্সিলর।

বরিশাল সিটি করপোরেশনে মেয়র পদে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলালকে মনোনীত করা হয়েছে।

খুলনা সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং খুলনা মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমানের নাম উঠে এসেছে।

রংপুর সিটি করপোরেশনে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান। জাতীয় সংসদ নির্বাচনের সময় জোটগত আসন সমঝোতার স্বার্থে তাকে প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে হয়েছিল বলে দলীয় সূত্রে জানা গেছে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ড. মুহাম্মদ হাফিজুর রহমানকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মহানগর জামায়াতের আমির মোহাম্মদ আবদুল জব্বারকে মেয়র পদে মনোনীত করা হয়েছে। গত ১৯ জুন নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে দলটির আমির ডা. শফিকুর রহমান তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে মনোনীত করেছে জামায়াতে ইসলামী।

কুমিল্লা সিটি করপোরেশনে মহানগর জামায়াতের আমির মোসলেহ উদ্দিনকে দলীয় প্রার্থী হিসেবে নীতিগতভাবে চূড়ান্ত করা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনে জেলা নায়েবে আমির মাওলানা লোকমান আহমদকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় সিগন্যাল দেওয়া হয়েছে।

ময়মনসিংহ সিটি করপোরেশনে মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রাখা হয়েছে।

২১টি ওয়ার্ড নিয়ে নতুন গঠিত বগুড়া সিটি করপোরেশন নির্বাচনেও প্রার্থী চূড়ান্ত করে প্রস্তুতি শুরু করেছে জামায়াতে ইসলামী। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই সিটিতে দলটির প্রার্থী হিসেবে সরকারি আজিজুল হক কলেজের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) আ.খ.ম. আব্দুল মালেককে মনোনীত করা হয়েছে।

১৩ সিটে সম্ভাব্য প্রার্থীদের তালিকা

ঢাকা উত্তর: মুহাম্মদ সেলিম উদ্দিন

ঢাকা দক্ষিণ: আবু সাদিক কায়েম

চট্টগ্রাম: অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী

বরিশাল: মুয়াযযম হোসাইন হেলাল

খুলনা: মিয়া গোলাম পরওয়ার ও মাহফুজুর রহমান

রংপুর: এটিএম আজম খান

গাজীপুর: ড. মুহাম্মদ হাফিজুর রহমান

নারায়ণগঞ্জ: মোহাম্মদ আবদুল জব্বার

রাজশাহী: ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

কুমিল্লা: মোসলেহ উদ্দিন

সিলেট: মাওলানা লোকমান আহমদ

ময়মনসিংহ: অধ্যাপক শহীদুল্লাহ কায়সার

বগুড়া: আ.খ.ম. আব্দুল মালেক

এদিকে সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে এসব এলাকায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের নিয়ে প্রচার-প্রচারণা ও জনসম্পৃক্ততা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে