×
ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

অপরিশোধিত বিমা দাবি নিষ্পত্তিতে আইডিআরএর বড় উদ্যোগ

২০২৬ সেপ্টেম্বর ১২ ১৩:৪১:৫৭
অপরিশোধিত বিমা দাবি নিষ্পত্তিতে আইডিআরএর বড় উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে আটকে থাকা বৈধ বিমা দাবি নিষ্পত্তিতে আবারও বড় ধরনের উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংশ্লিষ্ট জীবন বিমা কোম্পানিগুলোর সম্পদ, সিকিউরিটি বন্ডসহ বিভিন্ন উৎস থেকে অর্থের ব্যবস্থা করে দ্বিতীয় দফায় ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীর ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বিমা দাবি পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) পাঁচটি জীবন বিমা কোম্পানির এসব পলিসিধারীকে তাদের প্রাপ্য অর্থ পরিশোধ করা হবে।

আইডিআরএ সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৩ হাজার ৬০০ জন পলিসিধারীর ১২ কোটি টাকা বিমা দাবি পরিশোধ করা হবে। হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ১৪৫ জন পলিসিধারী পাবেন ৪ কোটি ৯৮ লাখ ৮ হাজার ৫১৪ টাকা।

এদিকে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫৮০ জন পলিসিধারীর ৫ কোটি টাকা, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের ৩০০ জন পলিসিধারীর ৫৫ লাখ ৩০ হাজার টাকা এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ২৪৩ জন পলিসিধারীর ৫০ লাখ ১৮ হাজার ৪৫৭ টাকা পরিশোধ করা হবে।

সব মিলিয়ে দ্বিতীয় দফায় পাঁচটি জীবন বিমা কোম্পানির ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীর ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বিমা দাবি নিষ্পত্তি করা হচ্ছে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর আইডিআরএর উদ্যোগে প্রথম দফায় সাতটি জীবন বিমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন পলিসিধারীর বিমা দাবি পরিশোধ করা হয়। ওই দফায় মোট ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হয়েছিল।

প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে এখন পর্যন্ত মোট ৮ হাজার ৪১৭ জন পলিসিধারীর ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১১৭ টাকা ৫৮ পয়সা বিমা দাবি পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে পলিসিধারীদের ন্যায্য দাবি পরিশোধ, বিমা খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং গ্রাহকদের আস্থা পুনর্গঠনের লক্ষ্যেই এ কার্যক্রম নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের উদ্যোগে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সম্পদ ও সিকিউরিটি বন্ডসহ বিভিন্ন উৎস থেকে অর্থের সংস্থান করে দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ বিমা দাবি নিষ্পত্তি করা হচ্ছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে বিমা খাতে তৈরি হওয়া গ্রাহকদের অনাস্থা দূর করার পাশাপাশি পলিসিধারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার চেষ্টা করছে নিয়ন্ত্রক সংস্থা।

আইডিআরএ জানিয়েছে, দীর্ঘদিন ধরে অপরিশোধিত বৈধ বিমা দাবি নিষ্পত্তির এ কার্যক্রম এখানেই শেষ হচ্ছে না। অবশিষ্ট বৈধ ও অপরিশোধিত দাবিগুলো যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর পর্যায়ক্রমে সেগুলোও পরিশোধ করা হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে