×
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৫:৪৩:০৮
প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

নিজস্ব প্রতিবেদক: মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ দিতে কারাগারে আটক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের হাটহাজারীর মেখল পুণ্ডরিক ধামে মারা যান চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা শ্রীমতী সন্ধ্যা রাণী ধর (৭১)।

মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ চেয়ে চিন্ময় কৃষ্ণের পক্ষে চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন তার ভাই রঞ্জন কুমার ধর।

আবেদনে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সন্ধ্যা রাণী ধর মারা যান। মায়ের জীবনের শেষ সময়ে পাশে থাকতে না পারায় তার অন্ত্যেষ্টিক্রিয়া ও শেষকৃত্যে অংশ নেওয়া চিন্ময় কৃষ্ণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টির মানবিক ও ধর্মীয় গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় সময়ের জন্য তাকে প্যারোলে মুক্তি অথবা নিরাপত্তাসহ শেষকৃত্যে উপস্থিত থাকার অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়।

আবেদনের সঙ্গে সন্ধ্যা রাণী ধরের মৃত্যু সনদ এবং আবেদনকারী রঞ্জন কুমার ধরের পরিচয়পত্রের ফটোকপিও জমা দেওয়া হয়।

পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যা রাণী ধর দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসের সংক্রমণ, নিম্ন রক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রায় এক মাস চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তাকে হাটহাজারীর পুণ্ডরিক ধামে নেওয়া হয়।

পুণ্ডরিক ধাম সূত্র জানায়, ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে সেখানেই সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্য সম্পন্ন করা হবে।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ দিতে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তির অনুমতি দেওয়ায় সংশ্লিষ্টদের পক্ষ থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে