×
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ১১ বোর্ডের পূর্ণাঙ্গ তালিকা এক নজরে

২০২৬ সেপ্টেম্বর ১০ ১০:২৬:৩২
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ১১ বোর্ডের পূর্ণাঙ্গ তালিকা এক নজরে

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। পুনর্নিরীক্ষণের পর দেশের ১১টি শিক্ষা বোর্ডে নতুন করে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, সারাদেশে মোট ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৫৬ হাজার ১৫৮টি খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে।

পুনর্নিরীক্ষণের পর ২৭ হাজার ৮৩৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। একই সঙ্গে ৫৫ হাজার ২৫৯টি স্ক্রিপ্টে নম্বর পরিবর্তন করা হয়েছে।

বোর্ডভিত্তিক ফলাফলে দেখা যায়, ময়মনসিংহ বোর্ডে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। এ বোর্ডে ১ হাজার ১৮০ জন ফেল থেকে পাস করেছেন। এরপর দিনাজপুর বোর্ডে ৮৬৭ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬৬৪ জন ফেল থেকে পাস করেছেন।

১১ বোর্ডের হিসাব হলো—

ঢাকা বোর্ড: ফেল থেকে পাস ৩৩৭ জন, নতুন জিপিএ-৫ পেয়েছেন ৯০৬ জন।

রাজশাহী বোর্ড: ফেল থেকে পাস ১১১ জন, নতুন জিপিএ-৫ পেয়েছেন ৭৭ জন।

কুমিল্লা বোর্ড: ফেল থেকে পাস ৩৩৬ জন, নতুন জিপিএ-৫ পেয়েছেন ২০৭ জন।

যশোর বোর্ড: ফেল থেকে পাস ৩৮০ জন, নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৮২ জন।

চট্টগ্রাম বোর্ড: ফেল থেকে পাস ১৯০ জন, নতুন জিপিএ-৫ পেয়েছেন ৮৩ জন।

বরিশাল বোর্ড: ফেল থেকে পাস ৭৯ জন, নতুন জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন।

সিলেট বোর্ড: ফেল থেকে পাস ১৮৬ জন, নতুন জিপিএ-৫ পেয়েছেন ১২১ জন।

দিনাজপুর বোর্ড: ফেল থেকে পাস ৮৬৭ জন, নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৭৫ জন।

ময়মনসিংহ বোর্ড: ফেল থেকে পাস ১ হাজার ১৮০ জন, নতুন জিপিএ-৫ পেয়েছেন ৭৭৭ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ড: ফেল থেকে পাস ২৫৫ জন, নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৯৩ জন।

কারিগরি শিক্ষা বোর্ড: ফেল থেকে পাস ৬৬৪ জন, নতুন জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন।

পুনর্নিরীক্ষণের পর সবচেয়ে বেশি নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের ৯০৬ জন শিক্ষার্থী।

এরপর রয়েছে ময়মনসিংহ বোর্ড। সেখানে নতুন করে ৭৭৭ জন জিপিএ-৫ পেয়েছেন। দিনাজপুর বোর্ডে ২৭৫ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২৯৩ জন এবং কুমিল্লা বোর্ডে ২০৭ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।

গ্রেড পরিবর্তনের দিক থেকেও উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। ময়মনসিংহ বোর্ডে ৫ হাজার ৩২১ জনের গ্রেড পরিবর্তন হয়েছে এবং ৬ হাজার ৫০৮ জনের নম্বর পরিবর্তন করা হয়েছে।

ঢাকা বোর্ডে ৮ হাজার ৯৯৯ জনের গ্রেড এবং ২১ হাজার ৬৯ জনের নম্বর পরিবর্তন হয়েছে। দিনাজপুর বোর্ডে ৩ হাজার ৩৫৪ জনের গ্রেড এবং ৫ হাজার ৬৩৬ জনের নম্বর পরিবর্তন হয়েছে।

ফল পুনর্নিরীক্ষণের মাধ্যমে এবার হাজারো শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। কেউ ফেল থেকে পাস করেছেন, আবার অনেক শিক্ষার্থী আগের ফলের তুলনায় উন্নত গ্রেড পেয়েছেন। নতুন করে জিপিএ-৫ পাওয়ায় অনেক শিক্ষার্থীর উচ্চশিক্ষায় ভর্তির সুযোগও বাড়তে পারে।

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের নির্ধারিত পদ্ধতিতে পুনর্নিরীক্ষণের ফলাফল জানতে পারবেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে