×
ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী দুঃখিত, কিন্তু মন্ত্রীর ব্যাখ্যা শুনে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার

২০২৬ সেপ্টেম্বর ০৮ ১৫:৩১:৩০
প্রধানমন্ত্রী দুঃখিত, কিন্তু মন্ত্রীর ব্যাখ্যা শুনে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক : দেশে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। দীর্ঘ সময় লোডশেডিং, গ্যাস ও জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া এবং এর প্রভাবে শিল্প-কারখানার উৎপাদন কমে যাওয়ার বিষয়টি নিয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে আলোচনা হয়।

৬৮ বিধিতে উত্থাপিত জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, দেশে তীব্র গ্যাস ও জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শহর ও গ্রাম—দুই জায়গাতেই ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অভাবে বিভিন্ন শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে এবং এর ফলে বিপুলসংখ্যক মানুষ কর্মহীন হওয়ার ঝুঁকিতে পড়ছেন বলেও তিনি দাবি করেন।

আলোচনায় বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিভিন্ন দিক তুলে ধরেন সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আলোচনা শেষে বিদ্যুৎমন্ত্রীর উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী যেভাবে সংকটের বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যে তিনি তেমন মনোভাব দেখতে পাচ্ছেন না। এ সময় তিনি মন্ত্রীর দীর্ঘ ব্যাখ্যার প্রসঙ্গ টেনে বলেন, ‘প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেন, আর মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনি তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে গেছে।’

ডেপুটি স্পিকার আরও বলেন, দেশের মানুষ যখন বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ভুগছে, তখন সংকটের প্রকৃত কারণ জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা জরুরি। প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের বক্তব্যের মধ্যে যেন অসামঞ্জস্য না থাকে, সে বিষয়েও তিনি গুরুত্ব দেন।

সংসদে আলোচনার সময় বিরোধীদলীয় নেতা বলেন, বিদ্যুৎ সংকট শুধু জনজীবনেই নয়, দেশের অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলছে। নিয়মিত বিদ্যুৎ না থাকায় শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন এবং কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়ছে।

জাতীয় এই সংকট মোকাবিলায় সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। গত ২৭ আগস্ট দেওয়া নোটিশে বিরোধীদলীয় নেতার সঙ্গে আরও পাঁচজন সংসদ সদস্য যৌথভাবে স্বাক্ষর করেছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে