×
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

দুর্বল বাজার মনিটরিংয়ে সক্রিয় অসাধু চক্র, অস্থিরতায় বিনিয়োগকারীরা

২০২৬ সেপ্টেম্বর ০৩ ১৪:৫২:১৯
দুর্বল বাজার মনিটরিংয়ে সক্রিয় অসাধু চক্র, অস্থিরতায় বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেশের শেয়ারবাজারে সূচকের অস্থির ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি প্রধান সূচক ঊর্ধ্বমুখী থাকলেও টাকার অঙ্কে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

বাজারসংশ্লিষ্টদের ভাষ্য, বৃহস্পতিবার লেনদেনের শুরুতে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও মধ্যাহ্নের পর থেকে সূচকের ওঠানামায় অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। এতে বাজারের লেনদেনের গতিপ্রকৃতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের দ্বিধা তৈরি হয়।

তাদের মতে, নিয়ন্ত্রক সংস্থার দুর্বল বাজার মনিটরিংয়ের সুযোগ কাজে লাগিয়ে একটি অসাধু চক্র সক্রিয় রয়েছে। নিজেদের স্বার্থ হাসিল করতে চক্রটি নানা কৌশলে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বা প্যানিক তৈরি করার চেষ্টা করে। এর ফলে ভীত হয়ে বিনিয়োগকারীরা কম দামে শেয়ার বিক্রি করলে সেই সুযোগে চক্রটি কম দরে শেয়ার কিনে নেওয়ার চেষ্টা করে।

তবে আগের তুলনায় বিনিয়োগকারীরা এখন অনেক বেশি সতর্ক বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। ফলে সূচকে পতনের প্রবণতা দেখা দিলেই বিনিয়োগকারীরা তাড়াহুড়া করে শেয়ার বিক্রি না করে অপেক্ষা করছেন। এর প্রভাবে সূচকের গতি শ্লথ হওয়ার পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও কমে আসছে।

বাজারসংশ্লিষ্টদের অভিযোগ, বাজারে যে মাত্রায় মনিটরিং প্রয়োজন, বাস্তবে সে অনুযায়ী নজরদারি হচ্ছে না। এর ফলে বাজার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। এ অবস্থায় বাজারের স্বাভাবিক গতি ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থার আরও কার্যকর নজরদারি প্রয়োজন বলে তারা মনে করছেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৬২ দশমিক ০৯ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, ডিএসইর শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ২ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৮ দশমিক ০১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৫ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪০ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২৭টির শেয়ারদর বেড়েছে, ২২৬টির দর কমেছে এবং ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে প্রায় ৭২০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭৩১ কোটি ৭ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ১০ কোটি ১৫ লাখ টাকা।

এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার শেয়ার ও ইউনিট মিলিয়ে মোট ১৫ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল ২৩ কোটি ৮৭ লাখ টাকার।

দিনটিতে সিএসইতে মোট ১৭৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৬৫টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৮৬টির দর কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৪ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৭২ দশমিক ৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন সিএএসপিআই সূচক ৫৬ দশমিক ২২ পয়েন্ট বেড়েছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে