ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুলের বার্তা

২০২৬ জুলাই ২৪ ১৫:৫৩:৩৬
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুলের বার্তা

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের মধ্যে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “গুজবে বিশ্বাস করি না। পত্রপত্রিকায় প্রকাশিত খবর দেখেই এমন বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। এটি রাষ্ট্রপতির বিষয়, তাই আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষা করা উচিত।”

তিনি আরও বলেন, বিশ্বজুড়েই গণতন্ত্র নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবে বর্তমান সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনগণের প্রতি জবাবদিহিতার নীতিতে অঙ্গীকারবদ্ধ।

এদিকে, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে জল্পনার মধ্যেই থাইল্যান্ডে চিকিৎসা শেষে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। যদিও তার সফর সংক্ষিপ্ত করার কারণ সম্পর্কে সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এর আগে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স তিনটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেছেন এবং শুক্রবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে এ তথ্যের বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় বা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে