ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

পদত্যাগের পর যেখানে থাকবেন রাষ্ট্রপতি, সামনে এলো নতুন তথ্য

২০২৬ জুলাই ২৪ ১৫:৪৬:৩১
পদত্যাগের পর যেখানে থাকবেন রাষ্ট্রপতি, সামনে এলো নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করতে পারেন—এমন আলোচনা রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোরালো হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, তিনি শুক্রবার বিকেলে অথবা আগামী কয়েক দিনের মধ্যে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, পদত্যাগের পর রাজধানীর গুলশানে অবস্থিত নিজের ব্যক্তিগত বাসভবনে ওঠার প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া রাষ্ট্রপতির কার্যালয়ে পদত্যাগ-সংক্রান্ত প্রশাসনিক প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে তারা জানিয়েছেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দিতে হয়। এদিকে চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে শুক্রবার দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তবে তাঁর নির্ধারিত সময়ের আগে দেশে ফেরার সঙ্গে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বঙ্গভবনের কয়েকজন কর্মকর্তার দাবি, রাষ্ট্রপতি নীতিগতভাবে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, ব্যক্তিগত মালামাল গুছিয়ে নেওয়ার প্রস্তুতিও শুরু হয়েছে। যদিও এসব দাবির বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্রগুলোর আরও দাবি, পদত্যাগের পর রাষ্ট্রপতি গুলশানের বাসভবনে অবস্থান করবেন। পরে স্বাস্থ্যগত কারণে চিকিৎসা ও বিশ্রামের জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনাও রয়েছে।

সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অতীতে বিভিন্ন সময় তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা উল্লেখ করেছিলেন। তবে তাঁর সম্ভাব্য পদত্যাগ বা গুলশানের বাসভবনে যাওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে