ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!

২০২৬ জুলাই ১৬ ০৬:১৯:৩২
মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার নতুন নৌ-নিষেধাজ্ঞা এড়াতে পারস্য উপসাগরে নিজেদের জলযান প্রস্তুত করে পাল্টা চাল চালছে ইরান। জানা গেছে, ওয়াশিংটন গত মঙ্গলবার বিকেল থেকে তেহরানের বন্দরগুলোকে লক্ষ্য করে এই নতুন অবরোধ কার্যকর করেছে। তবে মার্কিন বাহিনীকে ধোঁকা দিয়ে নিজেদের বাণিজ্যিক কার্যক্রম সচল রাখতে আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছে ইরানি কর্তৃপক্ষ। সামুদ্রিক নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘উইন্ডওয়ার্ড ইন্টেলিজেন্স’ এ বিষয়ে একটি চাঞ্চল্যকর পরিসংখ্যান সামনে এনেছে।

তাদের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের অন্তত ২৩টি জাহাজের গতিবিধি বেশ সন্দেহজনক। পরিচয় লুকাতে এই নৌযানগুলো ভুয়া পতাকা ব্যবহার করছে এবং সম্প্রতি নিজেদের অবস্থান শনাক্তকারী ট্রান্সপন্ডার যন্ত্রও বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক নৌ বাণিজ্য মহলে ‘ডার্ক ভেসেল’ বা ‘শ্যাডো ফ্লিট’ নামে পরিচিত এই গোপন বহরটি মূলত ট্র্যাকিং ফাঁকি দিতেই এমন কৌশল অবলম্বন করছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক উপপরিচালক ও পিটারসন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো আদনান মাজারেই মন্তব্য করেছেন, মার্কিন নিষেধাজ্ঞা কীভাবে এড়িয়ে যেতে হয়, সে বিষয়ে ইরানের কয়েক দশকের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আর এই কাজের জন্য তারা নামসর্বস্ব বা শ্যাডো কোম্পানি গঠন, সমুদ্রে গোপনে তেল খালাস এবং জটিল ও অস্পষ্ট আর্থিক লেনদেনের এক বিশাল নেটওয়ার্ক তৈরি করে রেখেছে। তিনি আরও জানান, পরিচয় গোপন রাখা এই ইরানি ট্যাংকারগুলোর সবচেয়ে বড় গন্তব্য হলো চীন, যেখানে তারা বিপুল পরিমাণ তেল বিক্রি করে থাকে।

উইন্ডওয়ার্ডের নজরদারিতে থাকা একটি ইরানি ট্যাংকারের রুট বিশ্লেষণ করলে এই চতুর কৌশলের বাস্তব প্রমাণ পাওয়া যায়। জাহাজটি প্রথমে ইরানের মূল জ্বালানি হাব ‘খারগ দ্বীপ’ থেকে অপরিশোধিত তেল বোঝাই করে রওনা দেয়। তবে সেটি সরাসরি চীনের দিকে না গিয়ে রুট পরিবর্তন করে ইরাকের বসরা অয়েল টার্মিনাল ছুঁয়ে গন্তব্যের দিকে এগোচ্ছে। উইন্ডওয়ার্ডের মতে, তেলের প্রকৃত উৎস দেশ কোনটি, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ থেকে আড়াল করতেই ইরান নিয়মিত এই পদ্ধতি ব্যবহার করে।

অন্য একটি পণ্যবাহী জাহাজ ট্র্যাকিং প্রতিষ্ঠান ‘ভোর্টেক্সা’ জানিয়েছে যে, উইন্ডওয়ার্ডের চিহ্নিত করা ওই ২৩টি রহস্যময় জাহাজের মধ্যে ১০টিতে ইতিমধ্যেই তেল বা অন্যান্য পণ্য বোঝাই করা হয়েছে, যা যেকোনো সময় অবরোধ ভাঙার অভিযানে নামতে পারে। অবশিষ্ট ১৩টি জাহাজ এখনো খালি অবস্থায় বন্দরে বা সাগরে অবস্থান করছে।

সম্প্রতি বাতিল হওয়া একটি সাময়িক চুক্তির সুবাদে ইরানের ওপর থেকে তেলের নিষেধাজ্ঞা শিথিল করেছিল মার্কিন প্রশাসন। তবে ‘ট্যাংকার ট্র্যাকার্স’-এর ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে, আইনি নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও ইরান তাদের এই ছায়া জাহাজের বহর ব্যবহার করা বন্ধ করেনি। কেবল গত জুন মাসেই তারা প্রায় ৫ কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিদেশে পাঠিয়েছে এবং গত সপ্তাহে মাত্র এক দিনেই তাদের রপ্তানির পরিমাণ ছিল ১ কোটি ব্যারেল।

তিন সপ্তাহের সেই স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি চুক্তির সময়ে যেসকল জাহাজ হরমুজ প্রণালি পার হতে পেরেছিল, সেগুলোর ওপর এখন আবার নতুন করে নিষেধাজ্ঞার খড়্গ নেমে এসেছে। উইন্ডওয়ার্ডের দেওয়া তথ্যমতে, তেল বোঝাই করা এমন সাতটি বিশালাকার ট্যাংকার বর্তমানে ভারত মহাসাগরে নোঙর ফেলে আগ্রহী ক্রেতাদের সন্ধানে ভাসছে।

এর আগে চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত ইরানের ওপর প্রথম দফায় নৌ-অবরোধ দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সেই চেষ্টা হরমুজ প্রণালির আমদানি-রপ্তানি বাণিজ্য কিছুটা ধীর করতে পারলেও পুরোপুরি আটকাতে ব্যর্থ হয়। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) হিসাব অনুযায়ী, ইরানের মোট জাতীয় রাজস্বের প্রায় অর্ধেকই আসে খনিজ তেল বিক্রি থেকে। আর এই বাণিজ্যে তাদের প্রধান অংশীদার চীন; মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও ইরানের মোট রপ্তানি করা তেলের প্রায় ৮০ শতাংশ একাই লুফে নেয় বেইজিং।

তবে এই টানা অবরোধের ফলে অভ্যন্তরীণভাবে ইরানি অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে বলে জানান অর্থনীতিবিদ আদনান মাজারেই। বিগত ১২ মাসে দেশটিতে গড় মূল্যস্ফীতি ছুঁয়েছে ৫০ শতাংশ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি। বিশেষ করে গত এপ্রিলে প্রথম অবরোধ শুরু হওয়ার পর এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়, যার ফলে বর্তমানে দেশটিতে খাদ্যের মূল্যস্ফীতি ১০০ শতাংশ ছাড়িয়ে গেছে। মাজারেই আরও স্মরণ করিয়ে দেন যে, ইরানের সামগ্রিক বৈদেশিক বাণিজ্যের প্রায় ৯০ শতাংশই নির্ভরশীল এই পারস্য উপসাগরের জলপথের ওপর।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে