ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬

৯৯৯ নম্বরে ফোনকল দিয়ে যেভাবে উদ্ধার হলেন ৪ ছাত্র

২০২৬ জুলাই ১২ ১৬:৩৬:০৫
৯৯৯ নম্বরে ফোনকল দিয়ে যেভাবে উদ্ধার হলেন ৪ ছাত্র

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কে ঘুরতে গিয়ে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ঝিরিপথ প্লাবিত হলে পথ হারিয়ে বিপদে পড়েন চার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। শেষ পর্যন্ত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর ফায়ার সার্ভিসের দ্রুত অভিযানে নিরাপদে উদ্ধার হন তারা।

ঘটনাটি ঘটে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আব্দুল আলম নামে এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে জানান, তার ছোট ভাই সাকিব (২২) ও আরও তিন বন্ধু সীতাকুণ্ডের সহস্রধারা ঝরনা ঘুরতে গিয়ে ফেরার পথে প্রবল বৃষ্টিতে পাহাড়ি ঝিরিপথে আটকা পড়েছেন।

জানা যায়, চারজনই চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সহস্রধারা ঝরনা থেকে ফেরার সময় হঠাৎ ভারী বৃষ্টিতে পাহাড়ি ঝিরিপথে পানি বেড়ে যায়। এতে তারা নির্ধারিত পথ হারিয়ে ফেলেন এবং চারদিকে পানি ও দুর্গম পরিবেশে আটকা পড়ে যান। মোবাইল ফোনে যোগাযোগ সম্ভব হলেও নিজেরা নিরাপদে বের হতে পারছিলেন না।

ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে ৯৯৯ কল সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি সীতাকুণ্ড ফায়ার সার্ভিসকে জানিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। কলটি গ্রহণ করেন ৯৯৯ কল টেকার এএসআই শরিফুল ইসলাম এবং পুরো অভিযানের সমন্বয়ে ছিলেন ফায়ার সার্ভিসের ডিসপ্যাচার মো. আলতাফ হোসেন।

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের মধ্যে প্রায় ৩ কিলোমিটার দুর্গম ঝিরিপথ হেঁটে তারা সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আটকে পড়া শিক্ষার্থীদের কাছে পৌঁছায়।

এরপর উদ্ধারকর্মীরা সতর্কতার সঙ্গে চার শিক্ষার্থীকে নিরাপদ স্থানে নিয়ে আসেন। রাত ৮টা ১০ মিনিটে সফলভাবে উদ্ধার অভিযান শেষ হয়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের লিডিং অফিসার মোতিরায় লাল ত্রিপুরা উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্ষাকালে পাহাড়ি এলাকায় ঘুরতে গেলে আকস্মিক বৃষ্টিতে ঝিরিপথ ও পাহাড়ি ছড়ায় হঠাৎ পানির স্রোত বেড়ে যেতে পারে। তাই আবহাওয়ার পূর্বাভাস জেনে ভ্রমণে যাওয়া এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ৯৯৯ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে