ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার বিএনপির শোক দিবস

২০২৬ জুলাই ১২ ১৬:২৬:১৯
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার বিএনপির শোক দিবস

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার (১৩ জুলাই) ঢাকাসহ সারাদেশে শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণের কর্মসূচি নেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।

রিজভী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আগামী সোমবার সারাদেশে শোক দিবস পালন করবে বিএনপি। এদিন ঢাকাসহ দেশের সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

তিনি জানান, মরহুমের প্রথম জানাজা বাদ জোহর ধানমণ্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

প্রয়াত নেতার স্মৃতিচারণ করে রুহুল কবির রিজভী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের রাজনীতির এক জীবন্ত ইতিহাস। ছাত্রজীবনে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন—প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে তার অনন্য অবদান রয়েছে। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ও অভিভাবকসুলভ রাজনীতিককে হারিয়েছে। তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতির কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, চট্টগ্রামসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। এ অবস্থায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী, অধ্যাপক আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের নেতা ডা. জাহিদ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে