ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬

ডেফোডিলের শেয়ারে ৩০৮% লাফ, কারসাজির গন্ধ!

২০২৬ জুলাই ১২ ১৫:৫৯:০৭
ডেফোডিলের শেয়ারে ৩০৮% লাফ, কারসাজির গন্ধ!

নিজস্ব প্রতিবেদক: দুর্বল আর্থিক পারফরম্যান্স এবং কোনো মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) ছাড়াই গত পাঁচ মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেফোডিল কম্পিউটারস পিএলসির শেয়ারদর ৩০৮ শতাংশের বেশি বেড়েছে। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধি কোম্পানিটির প্রকৃত মূল্যায়ন এবং লেনদেনের ধরন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বাজারসংশ্লিষ্টদের মধ্যে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত ৮ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ৪১ টাকা ৮০ পয়সা। সেখান থেকে বেড়ে ৯ জুলাই দাঁড়িয়েছে ১৭০ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ মাত্র পাঁচ মাসে শেয়ারটির দাম বেড়েছে ৩০৮ দশমিক ১৩ শতাংশ। তবে আজ ১২ জুলাই কোম্পানিটির শেয়ারদর ৫.৭৪ শতাংশ বা ৯ টাকা ৮০ পয়সা কমে দাঁড়িয়েছে ১৬০ টাকা ৮০ পয়সা।

অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির কারণ জানতে ডিএসই দুই দফায় কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়েছিল। তবে উভয় ক্ষেত্রেই ডেফোডিল কম্পিউটারস জানিয়েছে, শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) নেই।

কোম্পানির আর্থিক প্রতিবেদনেও এমন মূল্যবৃদ্ধির পক্ষে শক্ত কোনো ভিত্তি পাওয়া যায়নি। ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির বিক্রি হয়েছে ৯ কোটি ৪৩ লাখ টাকা এবং কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে মাত্র ২৩ লাখ টাকা। এ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৫ পয়সা, আর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ছিল ১৩ টাকা ৪১ পয়সা। কোম্পানির দাবি, বিক্রি কমে যাওয়ায় মুনাফাও কমেছে।

এর আগে ডেফোডিল কম্পিউটারস ক্রিয়েটিভ ইন্টারন্যাশনালের ঋণ পরিশোধে ১৫ টাকা দরে ৩ কোটি ২৬ লাখ ৯০ হাজার সাধারণ শেয়ার ইস্যুর পরিকল্পনা ঘোষণা করেছিল এবং এ বিষয়ে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করে। তবে চলতি বছরের ২১ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রায় ৪৯ কোটি ৪ লাখ টাকা মূল্যের ওই শেয়ার ইস্যুর অনুমোদন দেয়নি।

সাম্প্রতিক সময়ে দুর্বল মৌলভিত্তির কোম্পানির শেয়ারদরের অস্বাভাবিক উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএসইসি ও ডিএসই। এ ধরনের ঘটনায় বাজার তদারকি জোরদার এবং অস্বাভাবিক লেনদেনের তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ডেফোডিল কম্পিউটারসের শেয়ারদরের উত্থান কোম্পানির আর্থিক অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। উল্লেখযোগ্য কোনো ব্যবসায়িক অগ্রগতি বা মূল্যসংবেদনশীল তথ্য ছাড়া এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সম্ভাব্য কারসাজির ইঙ্গিত দিতে পারে। তাই বিষয়টি তদন্ত করা প্রয়োজন।

তারা আরও বলেন, যদি কোনো অনিয়ম থেকে থাকে, তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো নিয়ন্ত্রক ব্যবস্থা না নেওয়ার কারণও স্পষ্ট হওয়া উচিত। একই সঙ্গে সাধারণ বিনিয়োগকারীদের প্রতি তাদের পরামর্শ, শুধু শেয়ারদর বাড়ছে দেখে বিনিয়োগ না করে কোম্পানির আয়, সম্পদমূল্য, আর্থিক সক্ষমতা ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্ভাবনা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত। অতিমূল্যায়িত শেয়ারে বিনিয়োগ করলে বড় ধরনের লোকসানের ঝুঁকি থাকে।

এসউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে