ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬

ঢাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ নেই, কারণ জানাল কর্তৃপক্ষ

২০২৬ জুলাই ১২ ০৯:২৬:০১
ঢাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ নেই, কারণ জানাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ের এফডিসি মোড় এলাকার একটি বিদ্যুৎ উপকেন্দ্রে (সাবস্টেশন) অগ্নিকাণ্ডের ঘটনায় কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, পরীবাগ, মগবাজার, ইস্কাটনসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে হাজারো বাসিন্দা ও ব্যবসাপ্রতিষ্ঠান চরম ভোগান্তিতে পড়েন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর দেড়টার দিকে উপকেন্দ্রটিতে আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দেয় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। পরে বিকল্প লাইনের মাধ্যমে কয়েকটি এলাকায় আংশিক বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়।

ডিপিডিসির নির্বাহী পরিচালক (অপারেশন, অতিরিক্ত দায়িত্ব) রবিউল হাসান জানান, ক্ষতিগ্রস্ত উপকেন্দ্রটি মেরামত এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলী ও টেকনিশিয়ানরা জরুরি ভিত্তিতে কাজ করছেন। পরিস্থিতি অনুকূলে থাকলে রাত ১০টার মধ্যে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনের আশা করা হয়।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে