ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬

ভয়াবহ পাহাড়ধস, একই পরিবারের ৩ জনসহ নিহত ৯

২০২৬ জুলাই ০৬ ১১:৪৩:৫২
ভয়াবহ পাহাড়ধস, একই পরিবারের ৩ জনসহ নিহত ৯

নিজস্ব প্রতিবেদক: টানা ভারী বর্ষণের ফলে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার শহরে পৃথক পাহাড়ধসের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।সোমবার (৬ জুলাই) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ডি/৬ ব্লকে রাত ১টা ১০ মিনিটের দিকে পাহাড়ধসে একটি বসতঘর চাপা পড়ে। এতে মোহাম্মদ কামাল হোসাইন (৪৪), তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) এবং তাদের চার বছর বয়সী ছেলে মোহাম্মদ আনাস নিহত হন।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধারকাজ চলাকালে আরও কয়েকটি স্থানে পাহাড়ধসের খবর পাওয়া যায়।

তিনি জানান, উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা চারজনকে উদ্ধার করেন। তবে তাদের সবাই ঘটনাস্থলেই মারা যান।

এদিকে কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৭ ব্লকে রাত ১টা ৪৫ মিনিটের দিকে পাহাড়ধসে মাটিচাপা পড়ে একরাম (৭) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। সে ওই ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ রশিদের ছেলে। ক্যাম্পের মাঝি এনায়েত উল্লাহ জানান, স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবকেরা শিশুটির মরদেহ উদ্ধার করেন।

অন্যদিকে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/১১ ব্লকে পাহাড়ধসে নিহত চারজন হলেন—উম্মে হাবিবা (২৭), তার বোন তানজিনা আক্তার (১৩), মোহাম্মদ রিহান (৫) এবং হারুনুর রশিদ (৩)। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

এ ছাড়া পৃথক একটি পাহাড়ধসের ঘটনায় কক্সবাজার শহরে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে জেলায় পাহাড়ধসে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং করা হচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী আরও দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও তিনি জানান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে