ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

২০২৬ জুলাই ০২ ০৯:৪৭:১৬
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে। এবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো সাধারণ সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি প্রথমবারের মতো সিসিটিভি ক্যামেরার নজরদারিতেও নেওয়া হচ্ছে এ পাবলিক পরীক্ষা।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার দেশের ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২২ হাজার ৭৬৬ জন।

এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ২ লাখ ৮৬৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

আজ সাধারণ ও কারিগরি শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র এবং মাদরাসা শিক্ষা বোর্ডে কুরআন মাজিদ বিষয়ের পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হচ্ছে। লিখিত পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত এবং ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবার ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে ৪০টি কেন্দ্র ঢাকায়। প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র সংরক্ষণ, ক্যালকুলেটর ব্যবহার এবং পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তাসহ ৩৫ দফা নির্দেশনা জারি করেছে শিক্ষা কর্তৃপক্ষ।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেছেন, প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। কোনোভাবে প্রশ্নফাঁসের ঘটনা ঘটলে সেদিনের পরীক্ষা সারা দেশে স্থগিত করে নতুন প্রশ্নে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।

এদিকে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন জানিয়েছেন, কোনো কেন্দ্রে নকলের ঘটনা প্রমাণিত হলে শুধু পরীক্ষার্থী নয়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয় আশা করছে, কঠোর নিরাপত্তা ও নজরদারির মাধ্যমে এবার শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে