ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

২০২৬ জুলাই ০১ ২২:২৭:২৭
চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : অনিয়ম, দুর্বল আর্থিক ভিত্তি ও দীর্ঘদিনের সংকট কাটিয়ে ওঠার সুযোগ দিতে চারটি আর্থিক প্রতিষ্ঠানকে তিন মাসের সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এই সময়ের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত পাঁচটি শর্ত পূরণ করতে ব্যর্থ হলে ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অবসায়ন (রেজল্যুশন) কার্যক্রম শুরু করা হবে।

তিন মাসের এই সময়সীমা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট চারটি প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শর্ত অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব পরিচালনা পর্ষদ ও স্পন্সর শেয়ারহোল্ডারদের মাধ্যমে নতুন মূলধন সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনীয় তারল্য নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিজেদের সম্পদ বিক্রির উদ্যোগ নিতে হবে, বকেয়া ঋণ আদায় জোরদার করতে হবে, খেলাপি ঋণ নির্ধারিত পর্যায়ে নামিয়ে আনতে হবে এবং সাধারণ ও ব্যক্তিগত আমানতকারীদের পাওনা পরিশোধ নিশ্চিত করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব শর্ত বাস্তবায়ন করতে না পারলে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর আওতায় অবিলম্বে রেজল্যুশন কার্যক্রম শুরু করা হবে।

এ ছাড়া শর্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের জন্য প্রতিষ্ঠানগুলোকে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন বিভাগে মাসিক অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চারটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক পর্যায়ে রয়েছে। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)-এর খেলাপি ঋণের হার ৯৭ দশমিক ৩০ শতাংশ এবং প্রতিষ্ঠানটির লোকসান ৪৮০ কোটি টাকা।

অন্যদিকে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের খেলাপি ঋণের পরিমাণ ৯৮৪ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ৭৫ শতাংশ। প্রতিষ্ঠানটির লোকসান দাঁড়িয়েছে ৯৪১ কোটি টাকা।

এদিকে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের খেলাপি ঋণের পরিমাণ ৫১৫ কোটি টাকা, যা মোট ঋণের ৫৯ শতাংশ। প্রতিষ্ঠানটির লোকসান ৩৩৯ কোটি টাকা।

অপরদিকে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের খেলাপি ঋণের পরিমাণ ৫৩৪ কোটি টাকা, যা মোট ঋণের ৭৮ শতাংশ। প্রতিষ্ঠানটির মোট লোকসান দাঁড়িয়েছে ৩৫১ কোটি টাকা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে